আচমকা ধোঁয়া! ইন্ডিগোর বিমান জরুরি অবতরণ করল রাজকোটে

Jul 29, 2026 - 14:32
 3
আচমকা ধোঁয়া! ইন্ডিগোর বিমান জরুরি অবতরণ করল রাজকোটে

রাজকোটে জরুরি অবতরণ করল ইন্ডিগোর একটি বিমান। মাঝ-আকাশে ওই বিমানের মালপত্র রাখার জায়গা (কার্গো হোল্ড) থেকে আচমকা ধোঁয়া বেরোতে থাকায় বিমানটির পাইলট আপৎকালীন অবতরণের অনুমতি চান বলে রাজকোট বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রের খবর।ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরশাহির দুবাই থেকে মুম্বইগামী ৬ই-১৪৫২ ফ্লাইটে ১৯৪ জন যাত্রী এবং বিমানকর্মী ছিলেন। অবতরণের পর তাঁদের সকলকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে। বিমানে কোনও যান্ত্রিক ত্রুটি রয়েছে কি না, পরীক্ষা করে দেখা হচ্ছে। রাজকোট বিমানবন্দরের প্রধান পরিচালক দিগন্ত বরা বলেন, ‘‘দুবাই থেকে মুম্বইগামী একটি ইন্ডিগো ফ্লাইটে কার্গো হোল্ড এলাকায় ধোঁয়া শনাক্ত হওয়ার পর রাজকোট বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং সব যাত্রী নিরাপদে রয়েছেন।’ সূত্রের খবর, ইন্ডিগোর ওই উড়ানের বিমানটি দু’ইঞ্জিনবিশিষ্ট এয়ারবাস এ-৩২১। ইন্ডিগো-সহ আরও কয়েকটি ভারতীয় সংস্থা ওই বিমান ব্যবহার করে। বিমানচালক, বিমানকর্মী, যাত্রী-সহ ২৩০ জন পর্যন্ত সওয়ার হতে পারেন এয়ারবাস এ-৩২১-এ। প্রসঙ্গত, ২০২৫ সালের ১২ জুন অহমদাবাদে সংঘটিত এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার বিমান দুর্ঘটনায় গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী-সহ মোট ২৬০ জনের মৃত্যু হয়েছিল।