আইপিএলে নিজেকে প্রমাণ করতে ওজন কমাল ঋষভ

Mar 14, 2026 - 19:45
 16
আইপিএলে নিজেকে প্রমাণ করতে ওজন কমাল ঋষভ

টেস্টের প্রথম একাদশে জায়গা পেলেও সাদা বলের ক্রিকেটে জায়গা হারিয়েছেন পন্থ। জায়গা ফিরে পেতে আইপিএলে নিজেকে প্রমাণ করতে চান উইকেটরক্ষক-ব্যাটার। যুবরাজ সিংহের কাছে প্রশিক্ষণ নিয়েছেন। কমিয়ে ফেলেছেন কয়েক কিলোগ্রাম ওজন।আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক পন্থ। দলের সাফল্য অনেকটাই নির্ভর করে তাঁর উপর। সঞ্জীব গোয়েন্‌কার দলের ভারসাম্যের ক্ষেত্রেও পন্থের ভূমিকা গুরুত্বপূর্ণ। পন্থকে দেখেই বোঝা যাচ্ছে, কয়েক কিলোগ্রাম ওজন কমিয়ে ফেলেছেন। আগের তুলনায় অনেক ছিপছিপে দেখাচ্ছে তাঁকে। চেন্নাইয়ে এলএসজির প্রস্তুতি শিবিরে যোগ দেওয়া পন্থকে প্রশ্ন করা হয়, ওজন কতটা কমিয়েছেন? উত্তর দেননি পন্থ। তিনি শুধু বলেছেন, ‘‘এ সব জিজ্ঞাসা করবেন না।’’ ভারতের এক দিনের দলে জায়গা ধরে রাখতে গত মরসুমে রোহিত শর্মা প্রায় ১২ কেজি ওজন কমিয়েছিলেন। একই পথে হেঁটেছেন পন্থও।ভারতের এক দিনের দলে থাকলেও প্রথম একাদশে সুযোগ পান না পন্থ। উইকেটরক্ষকের দায়িত্ব সামলান লোকেশ রাহুল। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫ জনের দলেই এখন জায়গা হয় না পন্থের। সঞ্জু স্যামসন, ঈশান কিশন, জিতেশ শর্মাদের পর তাঁর কথা ভাবা হয়। টেস্ট ক্রিকেটেও পন্থের সঙ্গে লড়াইয়ে চলে এসেছেন ধ্রুব জুরেল। টি-টোয়েন্টি বিশ্বকাপে সঞ্জু এবং ঈশানের ফর্ম পন্থের উপর চাপ আরও বাড়িয়েছে। সাদা বলের ক্রিকেটে সুযোগ পাওয়ার সম্ভাবনা আরও কমিয়েছে। তা ছাড়া অভিষেক পোড়েলের মতো তরুণ উইকেটরক্ষকেরাও জাতীয় নির্বাচকদের নজরে রয়েছেন।পন্থের ঘনিষ্ঠ এক জন জানিয়েছেন, খানিকটা চাপে পড়েই ওজন কমিয়েছেন। ফিটনেস বাড়ানোই লক্ষ্য পন্থের। চেন্নাইয়ে এলএসজির শিবিরে যোগ দেওয়ার আগে মুম্বইয়ে পাঁচ দিন যুবরাজের কাছে অনুশীলন করেছেন পন্থ। তার আগে ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণের অ্যাকাডেমিতে প্রাক্‌-মরসুম প্রস্তুতি নিয়েছেন।