আইএসএফের 'মাছচোর' গান বিতর্কে মুখ খুললেন শওকত মোল্লা
দক্ষিণ ২৪ পরগনা: নির্বাচন পর্বের প্রচারে আইএসএফের 'চোর চোর, মাছচোর' গান ঘিরে বিতর্কের মাঝেই মুখ খুললেন শওকত মোল্লা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সরাসরি আইএসএফকে কড়া ভাষায় আক্রমণ করেন।
তিনি বলেন, "আইএসএফের রুচি নেই, তাদের নেতাদের কাজকর্মই তা প্রমাণ করে। একজন নেতার বিরুদ্ধে মহিলার সঙ্গে সম্পর্ক ও ধর্ষণের অভিযোগ রয়েছে-এতে তাদের নৈতিক অবস্থানই প্রশ্নের মুখে।"
শওকত মোল্লা আরও দাবি করেন, এ ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক সংস্কৃতিকে নষ্ট করছে। "আমি এসব নিয়ে মাথা ঘামাই না, আমি মানুষের জন্য কাজ করতে চাই,” বলেন তিনি।
আইএসএফের প্রচার পদ্ধতি নিয়েও কটাক্ষ করে তিনি বলেন, "মাছচোর নিয়ে গান গাওয়া, নাচানাচি-এসব কোনও দলের শোভা পায় না, বরং তাদের রুচির পরিচয় দেয়।"
শেষে তিনি জানান, ব্যক্তিগত আক্রমণ নয়, বরং সাধারণ মানুষ যেন বুঝতে পারেন কোন দলের নেতারা কী ধরনের আচরণ করছেন-সেটাই তাঁর লক্ষ্য।