অসমের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫
অসমের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হল ৯৫। রাজ্যোর ১৪টি জেলা বন্যাকবলিত। বুধবার ছ’জনের মৃত্যুর খাবর পাওয়া গিয়েছে নতুন করে। রাজ্য প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিবসাগর জেলা। এই জেলায় মৃত্যুর সংখ্যাও সবচেয়ে বেশি। এখনও পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে। তার পরেই রয়েছে চরাইদেও জেলা। সেখানে মৃতের সংখ্যা ২১। যোরহাটে মৃত্যু হয়েছে ৯ জনের। গোলাঘাটে ৫, ধেমাজিতে ৩, কার্বি আংলং এবং বিশ্বনাথ জেলায় দু’জন করে মারা গিয়েছেন। এক জন করে মৃত্যু হয়েছে শোণিতপুর, কামরূপ মেট্রোপলিটন এবং মরিগাঁওয়ে।বিশ্বনাথ, চরাইদেও, দারাং, ধেমাজি, গোলাঘাট, যোরহাট, কামরূপ মেট্রোপলিটন, কার্বি আংলং, লখিমপুর, নওগাঁও, শিবসাগর, শোণিতপুর, তিনসুকিয়া এবং উদলগিরি জেলায় ১ লক্ষ ৬০ হাজার ৬০০ জন ক্ষতিগ্রস্ত। তার মধ্যে ৫৭ হাজার শিবসাগরে, গোলাঘাটে ৩৪ হাজার, যোরহাটে ২৫ হাজার বাসিন্দা রয়েছে। ১০০টিরও বেশি ত্রাণশিবির এবং ত্রাণবণ্টন কেন্দ্র কাজ করছে ছ’টি জেলায়। বুধবার বন্যাকবলিত জেলাগুলি পরিদর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা। অসম-নাগাল্যান্ড সীমানা সংলগ্ন বন্যাবিধ্বস্ত এলাকাগুলিও পরিদর্শন করেন তিনি। পরে তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকও করেন। তিনি সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। নড্ডা বলেন, ‘‘বন্যাকবলিত এলাকাগুলি ঘুরে দেখেছি। ভয়ানক পরিস্থিতি। যে পরিমাণ ক্ষতি হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হতে অনেক সময় লাগবে।’’