অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কলকাতা বিমানবন্দরে উত্তেজনা,

বিজেপি কর্মী সন্দেহে যুবককে মারধরের অভিযোগ

Jun 21, 2026 - 08:12
 5
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কলকাতা বিমানবন্দরে উত্তেজনা,

তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি থেকে কলকাতায় ফেরাকে কেন্দ্র করে শনিবার কলকাতা বিমানবন্দর চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। তিনি বিমানবন্দরে পৌঁছানোর আগেই সেখানে তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড় জমতে শুরু করে।

অভিযোগ, সেই সময় একটি চারচাকা গাড়িতে করে এক ব্যক্তি বিমানবন্দরের গেটের সামনে এসে পৌঁছান। তাঁর হাতে ডিম ও ডিমভর্তি ট্রে দেখতে পান উপস্থিত কর্মী-সমর্থকরা। এরপর তাঁকে বিজেপি কর্মী বলে সন্দেহ করা হয় বলে অভিযোগ।

জানা গিয়েছে, এরপর ওই ব্যক্তির হাত থেকে ডিম ও ডিমভর্তি ট্রেগুলি কেড়ে নেওয়া হয়। অভিযোগ, কলকাতা বিমানবন্দরের ৩ নম্বর গেটের সামনে তাঁকে মারধরও করা হয়। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পৌঁছায় বিমানবন্দর থানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত ওই যুবককে নিরাপত্তার স্বার্থে বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে নিয়ে যায়।

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তবে ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বিস্তারিতভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।