অবশেষে টি-টোয়েন্টি জিতল শ্রেয়সের ভারত, প্রথম আন্তর্জাতিক অর্ধশতরান বৈভবের

Jul 24, 2026 - 12:50
 5
অবশেষে টি-টোয়েন্টি জিতল শ্রেয়সের ভারত, প্রথম আন্তর্জাতিক অর্ধশতরান বৈভবের

বৃহস্পতিবার হারারেতে জ়িম্বাবোয়েকে ৭ উইকেটে হারাল ভারত। প্রথমে ব্যাট করে জ়িম্বাবোয়ে ১২৫/৭ তুলেছিল। জবাবে ভারত ৪০ বল বাকি থাকতে জয়ের রান তুলে নেয়।আয়ারল্যান্ডের কাছে দু’টি টি-টোয়েন্টিতেই হেরেছিল ভারত। ইংল্যান্ডে গিয়ে টানা চারটি টি-টোয়েন্টিতে হারতে হয়েছে। ফলে অধিনায়ক হিসাবে শুরুটা দুঃস্বপ্নের মতোই হয়েছিল শ্রেয়সের কাছে। সেই ক্ষতে অবশেষে কিছুটা হলেও প্রলেপ পড়ল। জয় এল জ়িম্বাবোয়ের বিরুদ্ধে। যদিও এই জ়িম্বাবোয়ে বিশ্বকাপে হারিয়েছে অস্ট্রেলিয়ার মতো দেশকে। ভারতের সামনে এ দিন তারা দাঁড়াতেই পারল না। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই তারা ব্যর্থ।২০২৪-এর অক্টোবরের পর প্রথম বার জাতীয় দলের জার্সিতে খেলতে নেমেছিলেন মায়াঙ্ক। প্রথম বলেই তিনি ফেরান ব্রায়ান বেনেটকে (০)। শক্ত লেংথে করা বল বেনেটের ব্যাটে লেগে উইকেটকিপারের হাতে জমা পড়েছিল। মাঠের আম্পায়ার প্রথমে আউট দেননি। রিভিউ নিয়ে সফল হয় ভারত।পিঠের চোটের কারণে দীর্ঘ দিন খেলেননি মায়াঙ্ক। এ দিন ধারাবাহিক ভাবে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে বল করেছেন। সঠিক লেংথে বল করে গতির সাহায্যে ব্যাটারদের সমস্যায় ফেলেছেন। ডিয়ন মায়ার্সকে (৬) আউট করেছেন গতিতে পরাস্ত করে। চার ওভারে ১৮ রানে ২ উইকেট নেন।আন্তর্জাতিক ক্রিকেটে এ দিন অভিষেক হয় অশোক শর্মার। তিনি আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে খেলেন। তবে জাতীয় দলে প্রথম ম্যাচে বিশেষ ছাপ ফেলতে পারেননি। ৪ ওভারে ২৯ রান খরচ করেও উইকেট পাননি।টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন শ্রেয়স। বেনেট আউট হতেই চাপে পড়ে জ়িম্বাবোয়ে। ২৬ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। শিবম দুবেকে আক্রমণ করার ছক কষেছিলেন জ়িম্বাবোয়ের অধিনায়ক সিকান্দার রাজা। সফল হননি। ৪ রান করেই সাজঘরে ফিরতে হয়।জ়িম্বাবোয়ের পতন রোধ করেন অভিজ্ঞ ব্যাটার রায়ান বার্ল এবং ওয়েসলি মাধেভেরে। বার্ল ৩৫ বলে ২৬ রান করেন। মাধেভেরে আউট করে ৩৪ বলে ৩৮ রান করে। শেষের দিকে চালিয়ে খেলেন তাদিওয়ানাশে মারুমানি (২০ বলে অপরাজিত ২৭)। জ়িম্বাবোয়ে কোনও মতে ১২০ রানের গন্ডি টপকায়। মারুমানির ব্যাট থেকে কিছু ভাল শট দেখা যায়।জবাবে ভারত শুরুতে হারায় অভিষেক শর্মাকে। ৮ বলে ১ রান করে ব্লেসিং মুজারাবানির বলে ফিরে যান।তবে দুর্দান্ত খেলেছে বৈভব। এই মাঠেই চার মাস আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ১৭৫ রান করে দেশকে ট্রফি জিতিয়েছিল সে। সেই একই ছন্দে এ দিন তাঁকে দেখা গিয়েছে। চারটি চার এবং চারটি ছয়ের সাহায্যে সে ১৯ বলে ৫০ করে আউট হয়। আন্তর্জাতিক ক্রিকেটে এটিই তাঁর প্রথম অর্ধশতরান।টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে অর্ধশতরান করেছে সে। ১৫ বছর ১১৮ দিন বয়সে অর্ধশতরান করেছে। ভেঙে জিয়েছে জিব্রাল্টারের লুইস ব্রুসের নজির, যিনি ১৬ বছর ৫৬ দিন বয়সে অর্ধশতরান করেছিলেন। পূর্ণ সদস্য দেশের ক্রিকেটার হিসাবে এই নজির রয়েছে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ়ের। তিনি ২০১৯-এ জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ১৭ বছর ২৯৬ দিন বয়সে অর্ধশতরান করেছিলেন।লক্ষ্য খুবই কম হওয়ায় ভারতকে বিশেষ পরিশ্রম করতে হয়নি। শেষ বেলায় আউট হন ঈশান কিশন (৩৫)। দলকে জিতিয়ে দেন শ্রেয়স (অপরাজিত ২৮) এবং তিলক বর্মা (অপরাজিত ৬)।