৩০ হাজারের ভিড় সামলেছে ৫ হাজার পুলিশ, শীর্ষ আদালতে দাবি দিল্লি পুলিশের
যন্তর মন্তরে ৩০ হাজারেরও বেশি ভিড় সামলেছে মাত্র ৫ হাজার পুলিশকর্মী। অন্দোলনকারীদের উপর অতিরিক্ত বলরপ্রয়োগ করা হয়নি, মঙ্গলবার সুপ্রিম কোর্টে এমনটাই জানাল দিল্লি পুলিশ।দিল্লি পুলিশ তাদের হলফনামায় জানিয়েছে, সিজেপির বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে পুলিশকর্মীরা সংযম প্রদর্শন করেছিল। কেবল প্রয়োজনীয় ন্যূনতম বলপ্রয়োগ করা হয়েছিল। প্রাথমিকভাবে শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছিল। কিন্তু এক পর্যায়ে আন্দোলনের নামে যন্তর মন্তরে শুরু হয় হিংসা ছড়ানো। ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা সংসদের দিকে এগোতে শুরু করে। তখনই পরিস্থিতির অবনতি ঘটে। ভিড়কে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছিল। ৩০ হাজারেরও বেশি বিক্ষোভকারী প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে সমবেত হয়েছিলেন। কিন্তু পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছিল মাত্র ৫ হাজার পুলিশকর্মী।দিল্লি পুলিশ আরও জানিয়েছে, নিরাপত্তাকর্মীরা যে পরিমাণ বলপ্রয়োগ করেছিলেন, তা ছিল ‘পর্যায়ক্রমিক’ এবং পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জখম হন ২৪০ জনেরও বেশি পুলিশকর্মী। হলফনামায় আরও দাবি করা হয়েছে, বিক্ষোভের মধ্যে বহু সমাজবিরোধী ঢুকে পড়েছিল, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। বিক্ষোভ দমাতে দিল্লি পুলিশের বিরুদ্ধে ‘প্যালেট গান’ ব্যবহারেরও অভিযোগ ওঠে। কিন্তু এদিন তা খারিজ করে দিয়েছে তারা।