হুগলিতে বিজেপির পরিবর্তন যাত্রায় শমিক ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের তীব্র সমালোচনা
আজ হুগলি সাংগঠনিক জেলায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র উদ্যোগে অনুষ্ঠিত হয় “পরিবর্তন যাত্রা”। এই কর্মসূচিতে অংশ নেন দলের রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। চুঁচুড়া বিধানসভা এলাকা থেকে শুরু হয়ে যাত্রাটি অগ্রসর হয় সপ্তগ্রাম বিধানসভা পর্যন্ত। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী-সহ রাজ্য ও জেলা স্তরের একাধিক বিজেপি নেতা।
পরিবর্তন যাত্রার দ্বিতীয় দিনে চুঁচুড়া বিধানসভা এলাকা থেকে কর্মসূচি শুরু হয়ে মগরা কালীতলায় একটি জনসভার মাধ্যমে দিনের কার্যক্রম শেষ হয়। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন।
সাংবাদিক বৈঠকে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর গতকালের মন্তব্যের তীব্র সমালোচনা করেন। ভারতের রাষ্ট্রপতিকে নিয়ে মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “গতকালের দিনটি বাংলার মানুষের কাছে একটি কলঙ্কময় দিন হয়ে থাকবে।”
এছাড়াও আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তিনি দাবি করেন, পরিবর্তন যাত্রায় সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণই প্রমাণ করে দিচ্ছে যে বাংলার মানুষ পরিবর্তন চান। তাঁর মতে, মানুষের এই সমর্থনই স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারের বিদায়ের পথ নিশ্চিত।