শ্রীলঙ্কা সিরিজ়ে পরিবর্ত ক্রিকেটার হিসাবে সুযোগ পেলেন সরফরাজ

Aug 10, 2026 - 11:09
 3
শ্রীলঙ্কা সিরিজ়ে পরিবর্ত ক্রিকেটার হিসাবে সুযোগ পেলেন সরফরাজ

অবশেষে পরিশ্রমের দাম পেলেন সরফরাজ় খান। প্রথম পছন্দ হিসাবে না হলেও পরিবর্ত ক্রিকেটার হিসাবে দলে ঢুকলেন তিনি।প্রায় দু’বছর পর। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে সাই সুদর্শনের পরিবর্ত হিসাবে নেওয়া হয়েছে সরফরাজ়কে।রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ড এই কথা জানিয়েছে। সংবাদমাধ্যমকে দেওয়া বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, “শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন সুদর্শন। তিনি আপাতত বেঙ্গালুরুর উৎকর্ষ কেন্দ্রে রয়েছেন। সেখানে তাঁর ডান পায়ের গোড়ালির চোট পরীক্ষা করা হয়েছে। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বিসিসিআইয়ের মেডিক্যাল দল তাঁর দিকে নজর রাখছে।” সেই বিজ্ঞপ্তিতে আরও লেখা হয়েছে, “পুরুষদের নির্বাচক কমিটি সুদর্শনের পরিবর্ত হিসাবে সরফরাজ়ের নাম ঘোষণা করেছে। ১৫ অগস্ট থেকে গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট। গল যাওয়ার আগে কলম্বোয় দলের সঙ্গে যোগ দেবেন সরফরাজ়।”

প্রায় দু’বছর ধরে দেশের হয়ে খেলার সুযোগ পাচ্ছিলেন না প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের অন্যতম সফল ব্যাটার। ৬২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার পর সরফরাজ়ের ব্যাটিং গড় ৬৪.৭৩। অথচ এখনও পর্যন্ত মাত্র ছ’টি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন। ২০২৪-২৫ মরসুমে বর্ডার-গাওস্কর ট্রফির পর আর জাতীয় দলে সুযোগ পাননি। শেষ দু’টেস্টের চার ইনিংসেই ব্যর্থ হয়েছিলেন। করেছিলেন যথাক্রমে ১১, ৯, ০ এবং ১। তার পর আর ভারতের প্রথম একাদশে সুযোগ হয়নি। ভারতের টেস্ট দলে থাকলেও একটি ম্যাচও খেলানো হয়নি। এ বার শ্রীলঙ্কা সফরের দলে শুরুতে জায়গা হয়নি তাঁর।