'লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারলে রাজনীতি ছাড়ব'-হুগলির সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Apr 13, 2026 - 11:30
 0
'লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারলে রাজনীতি ছাড়ব'-হুগলির সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

নির্বাচনের মুখে রাজনৈতিক তরজা যখন চরমে, সেই আবহেই হুগলির ডানলপ মাঠের জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বক্তব্যের মাঝেই ছুড়ে দিলেন বড় চ্যালেঞ্জ -"তৃণমূলের মতো লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব।"

বক্তৃতার শুরুতেই বিহারের প্রসঙ্গ টেনে এনডিএ সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তিনি। দাবি করেন, ভোটের আগে মহিলাদের আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিলেও পরে তা রক্ষা করা হয় না। এমনকি টাকা ফেরত চাওয়া ও প্রশাসনিক চাপের অভিযোগও তোলেন তিনি।

এরপর বাংলায় বিজেপির প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলে অভিষেক বলেন, বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের মাসে ৩ হাজার টাকা দেওয়ার কথা বলছে, যা বর্তমান 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর অঙ্কের তুলনায় বেশি। কিন্তু তাঁর প্রশ্ন-দেশের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে কেন এই ধরনের প্রকল্প চালু করা হয়নি?

দিল্লির উদাহরণ টেনে তিনি বলেন, প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে সেই অর্থ মানুষের হাতে পৌঁছয়নি। যুবকদের ভাতার প্রতিশ্রুতিকেও কটাক্ষ করে তিনি 'চিটফান্ডের লিফলেট'-এর সঙ্গে তুলনা করেন।

এদিন কেন্দ্র বনাম রাজ্যের উন্নয়ন নিয়েও সরব হন অভিষেক। তাঁর বক্তব্য, "১২ বছর মোদী সরকার, ১৫ বছর মমতা সরকার-আসুন রিপোর্ট কার্ড নিয়ে আলোচনা হোক।" পাশাপাশি তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন, বিজেপি যদি প্রমাণ করতে পারে যে মানুষের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে বা ১০০ দিনের কাজের বকেয়া মিটেছে, তবে তিনি আর হুগলিতে প্রচারে আসবেন না।

বক্তৃতায় রাজনৈতিক আক্রমণের সুর আরও চড়ে যায় যখন তিনি বিজেপিকে 'বিভাজনের রাজনীতি' করার অভিযোগ তোলেন। তাঁর দাবি, তৃণমূল উন্নয়ন ও কাজের রাজনীতি করে, আর বিজেপি ধর্মের ভিত্তিতে রাজনীতি করছে। খাদ্যাভ্যাস নিয়েও কটাক্ষ করে তিনি বলেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মানুষের খাবারের পছন্দেও হস্তক্ষেপ হতে পারে।