রাশিয়ার ১৯টি অঞ্চলে ড্রোন হামলা ইউক্রেনের! মৃত ৬, আহত অনেকে
রাশিয়ার ১৯টি অঞ্চলে রাতভর ড্রোন হামলা চালাল ইউক্রেন। এই হামলায় মৃত্যু হয়েছে ছ’জনের। আহত অনেকে। হামলা চালানো হয়েছে মস্কো এবং সেন্ট পিটার্সবার্গেও।মস্কোর গভর্নর অন্দ্রেই ভরোবিয়ভ জানিয়েছেন, বেলেগোরোদেও কয়েক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মস্কোয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় ড্রোন হামলা হয়েছে। তবে বেশির ভাগ ড্রোনকেই গুলি করে নামানো হয়েছে বলে দাবি গভর্নরের। ক্রাসনোডর অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কোন্দ্রাতিয়েভ জানিয়েছেন, ওই অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় ৪০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।কোন্দ্রাতিয়েভের অভিযোগ, বেছে বেছে বসতি এলাকাগুলিকে নিশানা করছে ইউক্রেন। যদিও ইউক্রেনের তরফে এই অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। উল্লেখ্য, গত শনিবার কিভে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। সেই হামলায় ন’জনের মৃত্যু হয়। সেই হামলার ৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়ার একাধিক অঞ্চলে ড্রোন হামলা চালাল ইউক্রেন। মস্কো এবং সেন্ট পিটার্সবার্গের যে সব জায়গায় হামলা চালানো হয়েছে, তার মধ্যে বেশ কিছু জায়গা থেকে সামরিক ক্ষেত্রের সঙ্গে সরাসরি জড়িত। এর আগেও রাশিয়ার ২০০ কিলোমিটার ভিতরে ঢুকে ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছিল। সোমবার রাতভর যে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, তার মধ্যে ৩২০টি ড্রোনকে গুলি করে নামানো হয়েছে বলে দাবি রাশিয়ার।