ভারী বৃষ্টির জেরে ধস মুম্বইয়ের কাছে ঘাটকোপারে, মৃত ৫
ভারী বৃষ্টির জেরে মুম্বইয়ের কাছে ঘাটকোপারে ধ্বংসস্তূপে চাপা পড়়ে মৃত্যু হল পাঁচ জনের। বুধবার ভোরের এই ঘটনায় এখনও ভিতরে চাপা পড়ে রয়েছেন আরও বেশ কয়েকজন।বৃহন্মুম্বই পুরনিগমের তরফে জানানো হয়েছে, ভোর ৩টে ৪৫ নাগাদ মুম্বইয়ের অশোক রোড এলাকায় উঁচু পাহাড়ি এলাকার একাংশে ধস নামে। পাথর এবং কাদামাটির স্রোতে ভেঙে যায় অন্তত সাতটি অস্থায়ী বাড়ি। সেই সময় প্রায় সকলেই ঘুমিয়ে থাকায় কেউই বাইরে বেরোতে পারেননি।পুর কর্তৃপক্ষ প্রাথমিক ভাবে মনে করেছিলেন, ধ্বংসস্তূপের নীচে তিন-চার জন চাপা পড়েছেন। কিন্তু স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভিতরে আটকে পড়েছেন প্রায় ১০ জন। প্রথমে এলাকার মানুষজনই উদ্ধারকাজ শুরু করেন। পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আরও চার জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।এই ঘটনা প্রসঙ্গে মুম্বই পুলিশের অন্যতম ডেপুটি কমিশনার (ডিসিপি) গণেশ শিন্দে বলেন, “বৃষ্টির জেরে ঘাটকোপার থানা এলাকার অশোকনগরে ধস নেমেছে। এখনও পর্যন্ত পাঁচটি দেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির কারণে উদ্ধারকাজ বার বার ব্যাহত হচ্ছে। উদ্ধারকাজ খতিয়ে দেখতে ঘটনাস্থলে গিয়েছেন মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ে।