ভারতকে হুঁশিয়ারি শ্রীলঙ্কার অধিনায়কের
মাঠে নামার আগেই ভারতকে চাপে রাখার চেষ্টা করছে শ্রীলঙ্কা।শনিবার থেকে গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। তার আগে শুভমন গিলদের হুঁশিয়ারি দিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডি সিলভা বলেন, “ভারত তো ঘূর্ণি উইকেটে নিউ জ়িল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে দুটো সিরিজ়ে চুনকাম হয়েছে। সেটা আমাদের মাথায় আছে। গলে নামার আগে ওদের মাথায় ঘুরবে যে, ঘূর্ণি উইকেটে এর আগে ওরা কী ভাবে হেরেছে। এই সুযোগ আমাদের নিতে হবে।” অবশ্য ভারতকে হালকা ভাবে নিচ্ছেন না তিনি। ডি সিলভা বলেন, “তার মানে এই নয় যে, ভারত ঘূর্ণি উইকেটে খেলতে ভুলে গিয়েছে। আমি নিশ্চিত ওরা ফেরার জন্য মরিয়া।” শ্রীলঙ্কার উইকেটে বরাবরই স্পিনারেরা সুবিধা পান। তবে সেটা তৃতীয় দিনের পর থেকে। সেই কারণেই তাঁরা চেষ্টা করবেন, খেলা যতটা দূরে নিয়ে যাওয়া যায়। ডি সিলভা বলেন, “সাধারণত শ্রীলঙ্কায় স্পিন সহায়ক উইকেট হয়। কিন্তু এখন বৃষ্টি হচ্ছে। ফলে খুব একটা শুকনো উইকেট পাব না। যদি আমরা চতুর্থ বা পঞ্চম দিনে টেস্ট নিয়ে যেতে পারি, তা হলে আমাদের জয়ের সম্ভাবনা বাড়বে। ওদের যতটা পারব সমস্যায় ফেলব। আমাদের মাঠে কিন্তু আমরাই এগিয়ে নামব।” কুশল মেন্ডিস ও পাথুম নিসঙ্ককে প্রথম টেস্টে পাবে না শ্রীলঙ্কা। তার পরেও তাঁদের ব্যাটিং আক্রমণ যথেষ্ট শক্তিশালী বলে মনে করেন ডি সিলভা। শ্রীলঙ্কার অধিনায়ক বলেন, “আমাদের ব্যাটিং আক্রমণ বেশ শক্তিশালী। প্রথম দু’-তিন দিন এই পিচ ব্যাটারদের সাহায্য করবে। তাই টস খুব গুরুত্বপূর্ণ। স্পিনারেরাই আমাদের দলের প্রধান শক্তি। তবে পেসারদের ভুললে চলবে না। ওরাও খেলা ঘুরিয়ে দিতে পারে।” ভারত তাদের পেস আক্রমণের সেরা শক্তি জসপ্রীত বুমরাহকে ছাড়া নামবে। ফলে শুভমনেরা চাপে থাকবেন বলেই মনে করেন ডি সিলভা। তিনি বলেন, “বুমরাহের না থাকা ওদের কাছে বড় ধাক্কা। আমরা বুমরাহের বিরুদ্ধে প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু ও বড় বোলার। খেলার ছবি বদলে দিতে পারে। বুমরাহ না থাকায় ভারত চাপে থাকবে। সেটা আমাদের কাজে লাগাতে হবে।”