বিশ্ব ব্যাডমিন্টনে ব্রোঞ্জ গায়ত্রী-তৃষার

Aug 23, 2026 - 07:20
 4
বিশ্ব ব্যাডমিন্টনে ব্রোঞ্জ গায়ত্রী-তৃষার

প্রথম গেমের খেলা দেখে মনে হয়েছিল ইতিহাস তৈরি করবেন গায়ত্রী গোপীচন্দ ও তৃষা জলি। বিশ্বের এক নম্বর জুটি চিনের লিউ শেং শু ও টান নিংকে প্রথম গেমে হারিয়ে দিয়েছিল ভারতের অবাছাই জুটি। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না তাঁরা। তিন গেমের লড়াইয়ে (২১-১৮, ১৩-২১, ৮-২১) হারতে হল গায়ত্রী ও তৃষাকে।ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রতি বার ভারত অন্তত একটি পদক পেয়েছে। সেই ধারা ভাঙতে দিলেন না গায়ত্রী ও তৃষা। সেমিফাইনালে ১ ঘণ্টা ১১ মিনিটের লড়াইয়ে হেরে মহিলাদের ডাবলসে ব্রোঞ্জ জিতলেন তাঁরা।প্রথম গেমে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল গায়ত্রী ও তৃষাকে। দিল্লির ইন্দিরা গাঁধী স্টেডিয়ামে চিনের জুটিকে চাপে রেখেছিলেন তাঁরা। কেউ ভাবতেই পারেননি প্রথম গেম এভাবে জিতে নেবেন তাঁরা। চিনা জুটিকে চাপে দেখাচ্ছিল।কিন্তু খেলা যত গড়াল, তত সমস্যা বাড়ল ভারতীয় জুটির। দ্বিতীয় ও তৃতীয় গেমে দাঁড়াতে পারলেন না গায়ত্রী ও তৃষা। দাপট দেখালেন লিউ ও টান। চাপে পড়ে ভুল করতে শুরু করেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়েরা। গোটা স্টেডিয়াম তাঁদের জন্য গলা ফাটালেও কোর্টে তার প্রতিফলন হচ্ছিল না।

প্রথম গেমে চিনের দুই খেলোয়াড় দ্রুত র‌্যালি শেষ করার চেষ্টা করছিলেন। সেটা করতে গিয়েই ভুল করছিলেন তাঁরা। কিন্তু দ্বিতীয় গেম থেকে ধৈর্য ধরলেন তাঁরা। লম্বা র‌্যালি খেললেন। তার ফলও পেলেন। একটা সময় দেখে মনে হচ্ছিল, গায়ত্রী ও তৃষা ক্লান্ত হয়ে পড়েছেন। খেলার ফলেও তা দেখা গেল। যদিও বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে খালি হাতে ফিরলেন না তাঁরা। জিতলেন ব্রোঞ্জ।