বিলাসবহুল জীবনযাপন থেকে রাজনৈতিক ময়দান—যাদবপুরে সিপিআই(এম)-এর প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে চর্চা তুঙ্গে

Apr 10, 2026 - 20:55
 0

৭৫ বছর বয়সে ফের ভোটের লড়াইয়ে নেমেছেন সিপিআই(এম)-এর বর্ষীয়ান নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন তিনি। মনোনয়নপত্রে দেওয়া তথ্য অনুযায়ী, জমা দেওয়ার সময় তাঁর হাতে নগদ ছিল ৬৭,৩৯১ টাকা এবং বার্ষিক আয় দেখানো হয়েছে ২,০৯,৯৩,০৯৭ টাকা।

শিক্ষাগত দিক থেকেও সমৃদ্ধ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কালীঘাট হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করার পর আশুতোষ কলেজ থেকে বিএসসি (অনার্স) ডিগ্রি অর্জন করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করেন।

সম্পত্তির তালিকায় রয়েছে দুটি গাড়ি, যার মধ্যে একটি বিলাসবহুল অডি। তাঁর বিরুদ্ধে কোনও গুরুতর ফৌজদারি মামলা নেই বলেও মনোনয়নপত্রে উল্লেখ রয়েছে।

যাদবপুর কেন্দ্রে এখনও সিপিআই(এম)-এর একটি শক্ত ভিত রয়েছে। সেই ভরসাতেই ফের একবার হারানো জমি পুনরুদ্ধারের লক্ষ্যে ময়দানে নেমেছে বাম শিবির। নির্বাচনের আগে এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি সহ হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে রাস্তা-ঘাট। ‘ব্র্যান্ড বুদ্ধ’-এর আবেগকে হাতিয়ার করেই প্রচারে জোর দিচ্ছে দল।

হোর্ডিংয়ে লেখা হয়েছে, প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নের শিল্পোন্নত পশ্চিমবঙ্গ গড়তে সিপিআই(এম)-কে ভোট দেওয়ার আহ্বান। পাশাপাশি শিল্পায়ন ও সাম্প্রতিক একাধিক ইস্যু তুলে ধরে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ভাবমূর্তিকেও সামনে আনা হচ্ছে।

ইতিমধ্যেই যাদবপুরের অলিতে-গলিতে চষে বেড়াচ্ছেন প্রার্থী নিজে। ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটে এই কেন্দ্রের ভাগ্য নির্ধারণ হবে। আর ফল ঘোষণা ৪ মে—তখনই জানা যাবে, ‘ব্র্যান্ড বুদ্ধ’-র আবেগে ভর করে জয় হাসি ফুটবে কি না বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মুখে।