ফুচকায় বিষ! তেলেঙ্গানায় অসুস্থ ২০ শিশু
ফুচকার ভিতরে বিষ! অসুস্থ ২০ জন শিশু। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি তেলেঙ্গানার রাজান্না সিরসিলা জেলার। শিশু-কিশোরদের অভিভাবকরা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় এলাকারই একটি দোকান থেকে ফুচকা খেয়েছিল ছোটরা। এরপর মঙ্গলবার ভোরের দিকে অসুস্থ হয়ে পড়ে ২০ জন শিশু-কিশোর। তীব্র পেটের যন্ত্রণা ও বমি শুরু হয় তাদের। গ্রামে অসুস্থ শিশুর সংখ্যা বাড়ছে দেখে অতঙ্কিত হয়ে পড়েন মা-বাবারা। দ্রুত সরকারি জেলা হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাদের। ২০ জনের বেশি শিশুকে একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।অসুস্থ শিশু-কিশোরদের অভিভাবকদের অভিযোগ, আগের সন্ধ্যায় ফুচকার খাওয়ার কারণেই অসুস্থ হয়েছে ছেলেমেয়েরা। যদিও স্থানীয় প্রশাসনের তরফে এখনও নিশ্চিত করে কিছু বলা হয়নি। হাসপাতালের চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন শিশুদের। তাদের অবস্থা এখন স্থীতিশীল বলেই জানা গিয়েছে। পুলিশ তদন্ত করে দেখেছে, ফুচকায় বিষক্রিয়ার কারণেই অসুস্থ হয়েছে শিশুরা, নাকি অন্য় কারণ রয়েছে। খাবারের নমুনা পরীক্ষা করার পরেই বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে প্রশাসন।