প্রবীণ কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরীর প্রয়াণ, শোকস্তব্ধ মালদা

Apr 10, 2026 - 08:35
 4
প্রবীণ কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরীর প্রয়াণ, শোকস্তব্ধ মালদা

মালদা: প্রয়াত হলেন প্রবীণ কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী। বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ কলকাতার এক বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

তাঁর প্রয়াণের খবর মালদায় পৌঁছাতেই রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে।

আবু হাসেম খান চৌধুরী ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গণিখান চৌধুরী-র ছোট ভাই। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি কালিয়াচক বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। পরবর্তীতে গণিখান চৌধুরীর মৃত্যুর পর ২০০৬ সালের উপনির্বাচনে মালদা লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হন।

তিনি দীর্ঘদিন দক্ষিণ মালদার সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেন এবং ইউপিএ সরকারের সময় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী হিসেবেও কাজ করেন। ২০২৪ সাল পর্যন্ত সক্রিয় রাজনীতিতে থাকার পর বার্ধক্যজনিত কারণে নিজের আসনটি ছেলে ইশা খান চৌধুরীর জন্য ছেড়ে দেন।

গত কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত দু'মাস ধরে কলকাতার হ্যামিল্টন নার্সিং হোমে তাঁর চিকিৎসা চলছিল। সেখানেই তাঁর প্রয়াণ ঘটে।

তাঁর মৃত্যুতে এক বর্ষীয়ান রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটল বলে মনে করছে রাজনৈতিক মহল।