নিয়ন্ত্রণ হারিয়ে পর পর তিনটি বাইকে ধাক্কা বেপরোয়া গাড়ির! হায়দরাবাদে মৃত্যু প্রাক্তন সেনাকর্মীর
তেলঙ্গানার হায়দরাবাদে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল প্রাক্তন এক সেনাকর্মীর। আহত হয়েছেন আরও দু’জন।পুলিশ সূত্রে খবর, মৃত ওই সেনাকর্মীর নাম রবীন্দ্র। তিনি ভারতীয় সেনায় সুবেদার পদে কর্মরত ছিলেন। সোমবার ভোর সাড়ে ৫টায় হায়দারশাকোটের কাছে একটি গাড়ি ট্রাফিক আইন লঙ্ঘন করে উল্টো পথে আসছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি প্রচণ্ড গতিতে উল্টো পথ ধরে এসে একের পর বাইকে ধাক্কা মেরে এগিয়ে যায়। সেই ধাক্কায় বাইকগুলির আরোহীরা ছিটকে পড়েন। দু’জন জখম হন। প্রাক্তন সেনাকর্মী গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি বাইক আরোহীদের ধাক্কা মেরে বেশ কিছু এগিয়ে গিয়ে দাঁড়িয়ে যায়। সেখানেই গাড়িটি ফেলে রেখে চালক পালিয়ে যান। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার পর পুলিশ জানতে পারে, দুর্ঘটনার সময় গাড়িতে দু’জন ছিলেন। কিন্তু তাঁরা কারা, তা চিহ্নিত করতে পারেনি পুলিশ। গাড়ির রেজিস্ট্রেশন নম্বর খতিয়ে দেখে জানা গিয়েছে সেটি বি ক্রান্তি গৌড় নামে এক ব্যক্তির। গাড়িটি এর আগেও তিন বার ট্রাফিক আইন লঙ্ঘন করেছে। ভুল জায়গায় গাড়ি পার্ক করা এবং অতিরিক্ত গতির জন্য জরিমানাও করা হয়েছিল। চালক মত্ত ছিলেন কি না স্পষ্ট নয়। একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। গাড়ির আরোহীদের খোঁজ চালানো হচ্ছে।