দুর্গাপুর পূর্বে জনসংযোগে জোর বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, উন্নয়ন ইস্যুতে তোপ

Mar 20, 2026 - 06:13
 0
দুর্গাপুর পূর্বে জনসংযোগে জোর বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, উন্নয়ন ইস্যুতে তোপ

দুর্গাপুর: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জোরকদমে জনসংযোগ শুরু করেছেন। বৃহস্পতিবার গোপালপুরের উত্তরপাড়া এলাকায় পৌঁছে সরাসরি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি।

প্রচার চলাকালীন তিনি বলেন, “এই নির্বাচন শুধু বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াই নয়, এটি মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ মানুষের মধ্যে লড়াই।” এলাকায় দাঁড়িয়েই পরিকাঠামোর বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

তার অভিযোগ, “এখানকার রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ, ড্রেনেজ ব্যবস্থাও প্রায় নেই বললেই চলে। গত পাঁচ বছরে যিনি ক্ষমতায় ছিলেন, তিনি কোনও উন্নয়নমূলক কাজ করেননি।”

নিজেকে ‘ভূমিপুত্র’ হিসেবে উল্লেখ করে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন, “আমি এখানকারই ছেলে। মানুষ যদি আমাকে সুযোগ দেন, জিতে এসে উন্নয়নের কাজ করে দেখাব।”

এদিন তার জনসংযোগ কর্মসূচিকে ঘিরে গোপালপুরের উত্তরপাড়া এলাকায় স্থানীয়দের মধ্যে যথেষ্ট আগ্রহ ও সাড়া লক্ষ্য করা যায়। নির্বাচনের আগে এই ধরনের প্রচার কর্মসূচির মাধ্যমে এলাকায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।