টেস্ট ক্রিকেটে মাইলফলকের সামনে ভারত
টেস্টে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের একটি মাইলফলক স্পর্শ করবে ভারতীয় ক্রিকেট দল। আগামী ১৫ অগস্ট থেকে শুরু হবে ভারত- শ্রীলঙ্কার প্রথম টেস্ট। এই টেস্টটি ভারতের ৬০০তম টেস্ট ম্যাচ হতে চলেছে।টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে মাত্র দু’টি দেশ ৬০০টি বা তার বেশি টেস্ট ম্যাচ খেলেছে। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার এই মাইলফলক স্পর্শ করতে চলেছে ভারত। বিশ্বের তৃতীয় দেশ হিসাবে ৬০০টি টেস্ট খেলবে ভারত। সবচেয়ে বেশি টেস্ট খেলেছে ইংল্যান্ড। ইংরেজরা এখনও পর্যন্ত ১০৯৭টি টেস্ট খেলেছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তারা এ পর্যন্ত খেলেছে ৮৮২টি টেস্ট। ভারতের খেলা টেস্টের সংখ্যা ৫৯৯।তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। পাকিস্তান সিরিজ় পর্যন্ত ক্যারিবিয়ানেরা ৫৯৬টি টেস্ট খেলেছে। পঞ্চম স্থানে নিউ জ়িল্যান্ড। কিউয়িরা এ পর্যন্ত খেলেছে ৪৮৭টি টেস্ট। ষষ্ঠ স্থানে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের খেলা টেস্টের সংখ্যা ৪৭৯টি। সপ্তম স্থানে পাকিস্তান। ৪৭১টি টেস্ট খেলেছে তারা। তালিকায় অষ্টম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। তাদের খেলা টেস্টের সংখ্যা ৩২৯টি। নবম স্থানে থাকা বাংলাদেশ খেলেছে ১৫৯টি টেস্ট। দশম স্থানে জ়িম্বাবোয়ে। তারা খেলেছে ১৩০টি টেস্ট খেলেছে। যুগ্ম ভাবে একাদশ স্থানে রয়েছে আফগানিস্তান এবং আয়ারল্যান্ড। দু’দেশই এখনও পর্যন্ত ১৩টি করে টেস্ট খেলেছে। এ ছাড়া আইসিসি ওয়ার্ল্ড একাদশ একটি টেস্ট খেলেছে।১৯৩২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলে ভারত। এ পর্যন্ত খেলা ৫৯৯টি টেস্টের মধ্যে ১৮৬টি জিতেছে ভারতীয় দল। ইংল্যান্ড সবচেয়ে বেশি টেস্ট খেললেও জয়ের সংখ্যায় এগিয়ে অস্ট্রেলিয়া। তারা ৪২৬টি টেস্ট জিতেছে। ইংল্যান্ড জিতেছে ৪০৫টি টেস্ট। দক্ষিণ আফ্রিকা ১৯১টি এবং ওয়েস্ট ইন্ডিজ় ১৮৭টি টেস্টে জয় পেয়েছে। অর্থাৎ জয়ের তালিকায় ভারত এখন পাঁচ নম্বরে। শ্রীলঙ্কাকে প্রথম টেস্টে হারাতে পারলে ভারত ওয়েস্ট ইন্ডিজ়ের সঙ্গে যুগ্ম ভাবে চতুর্থ স্থানে উঠে আসবে।