ঝাল মুড়ির ডালা গলায়, লোকাল ট্রেনে অভিনব প্রচারে মদন মিত্র

Apr 21, 2026 - 12:45
 7
ঝাল মুড়ির ডালা গলায়, লোকাল ট্রেনে অভিনব প্রচারে মদন মিত্র

'কালারফুল'। কখনও গান গেয়ে, কখনও ভোগ রান্না করে, আবার কখনও মেঠো আড্ডায় জনসংযোগ -সবেতেই আলাদা ছাপ রাখেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। তবে এবার একেবারে অন্য মেজাজে দেখা গেল তাঁকে-গলায় ঝাল মুড়ির ডালা ঝুলিয়ে লোকাল ট্রেনে চড়ে অভিনব প্রচারে নামলেন তিনি।

বৃহস্পতিবার সকালেই আগরপাড়া স্টেশনে এই ব্যতিক্রমী দৃশ্য চোখে পড়ে যাত্রীদের। গলায় ঝাল মুড়ির ডালা, হাতে ঠোঙা-এই সাজেই শিয়ালদহগামী লোকাল ট্রেনে উঠে পড়েন মদন মিত্র। ট্রেনের ভিড়ের মধ্যেই যাত্রীদের সঙ্গে খোশগল্পে মেতে ওঠেন তিনি। শুধু কথাতেই নয়, নিজের হাতে ঝাল মুড়ি মেখে সাধারণ যাত্রীদের মুখে তুলে দিয়ে জমিয়ে তোলেন জনসংযোগ।

বেলঘরিয়া স্টেশনে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে তীব্র কটাক্ষ করেন তৃণমূল নেতা। তাঁর কথায়, "উনি আমাদের কাছে আশীর্বাদ। উনি যতবার আসবেন, আমাদের শক্তি তত বাড়বে। কিন্তু যে প্রতিশ্রুতি-২ কোটি চাকরি, ১৫ লক্ষ টাকা, প্রতি মাসে ৩০০০ টাকা-সেগুলোর একটাও বাস্তবায়িত হয়নি।”

প্রধানমন্ত্রীকে 'বহুরূপী'র সঙ্গে তুলনা করে মদন মিত্র বলেন, "কখনও সাধু, কখনও সাধারণ মানুষের বেশ-এইসব নাটক এখন আর বাংলার মানুষ বিশ্বাস করে না।" একইসঙ্গে তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রতিশ্রুতি দেন, তা বাস্তবায়ন করেন।

স্টেশন চত্বরেও কর্মী-সমর্থকদের নিয়ে কিছুক্ষণ সময় কাটান তিনি। পুরো ঘটনাই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিরোধীরা একে 'চমক' বলে কটাক্ষ করলেও, মদন অনুগামীদের মতে-এটাই বাঙালিয়ানার আসল রং, সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার সহজ পথ।