জয় দিয়ে আইএসএল অভিযান শুরু সবুজ-মেরুনের
যুবভারতীতে কেরালা ব্লাস্টার্সের ২-০ গোলে জয় পেল সবুজ-মেরুন।মোহনবাগানের হেডকোচ হিসাবে প্রথম ম্যাচেই জয় পেলেন সের্জিও লোবেরা।মোহনবাগান যে আক্রমণাত্মক মেজাজ নিয়ে নামতে চলেছে, সেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল কোচে কথায়। তবে তাঁর দল যে শূন্য থেকে শুরু করবে সে কথাও বলেছিলেন। তাছাড়াও বাগানের অন্দরমহলে ফুরফুরে পরিবেশটাকেও মাঠে দেখা গেল শনিবার। সবুজ-মেরুনের ‘প্রাণভোমরা’ দিমিত্রি পেত্রাতোসের উপর ভরসা রেখেছিলেন কোচ। তাঁকে মাঠেও দেখা গেল আরও বেশি পরিণত, আরও বেশি চনমনে। আর ভ্যালেন্টাইনস ডে-র বিকেলে যুবভারতীতে হাজির হওয়া মোহনবাগান জনতাও উপহার পেলেন জয়ের দু’টি গোলাপ ফুল, যা এনে দিলেন জেমি এবং টম।এদিন শুরু থেকেই আগ্রাসী মেজাজে শুরু করে সবুজ-মেরুন ব্রিগেড। ৫ মিনিটে রবসন-দিমির যুগলবন্দি দেখা যায়। ১২ মিনিটে লিস্টনের ক্রস থেকে সুযোগ আসে মোহনবাগানের। শট গোলে রাখতে পারেননি দিমি। ১৩ মিনিটে দূরপাল্লার শট নেন সেই দিমি। ১৯ মিনিটে একক দক্ষতায় বক্সে ঢুকে পড়েছিলেন ব্রাজ্রিলীয় রবসন। ২১ মিনিটে দূরপাল্লার শট অনিরুদ্ধ থাপার। গোলার মতো শট বার উঁচিয়ে চলে যায়। সিংহভাগ বল মোহনবাগানের দখলে থাকলেও গোল আসছিল না।গতির বিরুদ্ধে গিয়ে ২৬ মিনিটে দারুণ সুযোগ আসে কেরালার সামনেও। বাঁচান বাগান বিশাল কাইথ। তবে এরপর আবার আক্রমণ শানায় সবুজ-মেরুন। ৩১ মিনিটে লিস্টনের নেওয়া অনবদ্য ফ্রিকিক সেভ করেন গোলকিপার শচীন। ৩৫ মিনিটে ডেডলক ভাঙেন জেমি ম্যাকলারেন। দিমির পাস থেকে বাঁ পায়ের ঠিকানা লেখা শটে গোল করেন ম্যাকলারেন। গত মরশুমে ১২ গোল করেছিলেন এই অজি তারকা। গোলের সেই ধারা এই মরশুমেও বজায় রাখলেন তিনি। এগিয়ে যাওয়ার পর আরও উজ্জীবিত ফুটবল উপহার দেয় লোবেরা ব্রিগেড। ৩৮ মিনিটে বক্সের বাইরে থেকে শট নেন রবসন। গোলকিপারের সৌজন্যে ব্যবধান বাড়েনি। পরের মিনিটে আবারও সুযোগ আসে। প্রথমার্ধ শেষ হওয়ার আগে আরও দু’টি সুযোগ এলেও সেখান থেকে গোল হয়নি।দ্বিতীয়ার্ধেও একই ধারা বজায় রাখে মোহনবাগান। ৫২ মিনিট এবং ৬০ মিনিটে সুযোগ এলেও ব্যবধান বাড়াতে পারলেন না দিমি, জিমিরা। ৬৭ মিনিটে বক্সের ঠিক বাইরে শট নিয়েছিলেন কোলাসো। এক্ষেত্রেও গোলহীন থাকেন তিনি। তবে এই অর্ধে কেরালা বেশ কিছু সুযোগ তৈরি করেছিল। যদিও বাগান রক্ষণ অতন্দ্র প্রহরীর মতো আগলে রেখেছিলেন শুভাশিস বসু, অভিষেক সিং টেকচাম, আলবার্তো, মেহতাব সিংরা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে (৯০+৬ মি.) ব্যবধান দ্বিগুণ করলেন পরিবর্ত হিসাবে নামা টম অলড্রেড। শেষ পর্যন্ত ২ গোলে জিতে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল মোহনবাগান। আরও বেশি গোলে জিততে পারত তারা। স্ট্রাইকারদের সুযোগ নষ্ট চিন্তায় রাখবে লোবেরাকে।