আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে এবিভিপি, রাজ্যজুড়ে মেডিকেল কলেজে অব্যবস্থার অভিযোগে অবস্থান-বিক্ষোভ
কলকাতা:
আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সরব হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। এই ঘটনার প্রতিবাদে এবং রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে প্রশাসনিক অবহেলা ও অব্যবস্থার অভিযোগ তুলে অবস্থান-বিক্ষোভে নামল সংগঠনটি।
এদিন এবিভিপি কর্মী-সমর্থকরা বিক্ষোভে শামিল হয়ে স্বাস্থ্য ব্যবস্থার একাধিক ত্রুটি তুলে ধরেন। তাঁদের অভিযোগ, শুধু আরজি কর নয়, পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালেই পরিষেবার মান নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। চিকিৎসা পরিকাঠামোর ঘাটতি, পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর অভাব, এবং প্রশাসনিক গাফিলতির কারণেই বারবার এই ধরনের ঘটনা ঘটছে বলে দাবি করেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীদের সাফ কথা, সাধারণ মানুষ সঠিক চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং এর দায় এড়াতে পারে না প্রশাসন। অবিলম্বে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানানো হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধছে।