অর্ধশতরান যশস্বীর, প্রস্তুতি ম্যাচে সিরাজের দাপটে জয় ৬ উইকেটে

Aug 10, 2026 - 11:11
 9
অর্ধশতরান যশস্বীর, প্রস্তুতি ম্যাচে সিরাজের দাপটে জয় ৬ উইকেটে

প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিনে ব্যাটিং অনুশীলন করে নিল ভারত। শেষ বেলায় নেমে মহম্মদ সিরাজের আগ্রাসী ব্যাটিংয়ের জেরে শ্রীলঙ্কা একাদশকে ছয় উইকেটে হারাল ভারত।জিততে গেলে চতুর্থ ইনিংসে ২০৭ রান তুলতে হত ভারতকে। হাতে ছিল ৪৫ ওভার। তিন বল আগেই জয়ের রান তুলে নেয় ভারত। ২১৪/৪ স্কোরে শেষ করে তারা। ১৫ বলে ৩২ রান করেন সিরাজ। টানা তিনটি ছয় মারেন তিনি। তিন বল আগেই ভারতের জয়ের রান উঠে গিয়েছিল। তবে প্রস্তুতি ম্যাচ বলে বাকি তিনটি বলও খেলেন ভারতীয় ব্যাটারেরা।প্রথম ইনিংসে শূন্য করেছিলেন যশস্বী। এ দিন আগ্রাসী ব্যাট করেছেন ওপেন করতে নেমে। ৪৬ বলে ৬১ রান করেন। তিনি এবং শুভমন প্রথম উইকেটে ১০৫ রান তুলে দেন। অর্ধশতরানের পর যশস্বী অবসৃত আউট হন, যাতে বাকি ব্যাটারেরা খেলার সুযোগ পান। শুভমন প্রথম দু’দিন আঙুলে চোটের কারণে খেলতে পারেননি। এদিন ৪৪ রান করে স্পিনার কেশরা নুয়ান্তার বলে আউট হন। প্রথম টেস্টের আগে শুভমনের মাঠে ফেরা ইতিবাচক দিক।

দ্বিতীয় ইনিংসেও রান পেলেন না ধ্রুব জুরেল (১৭)। অন্য দিকে, ঋষভ পন্থ (২৮) আবারও খারাপ একটি শট খেলতে গিয়ে আউট হলেন। ক্রিজ়ে জমে যাওয়ার পরেও তাঁর খারাপ শট খেলার প্রবণতা কাটেনি।ভারতের লক্ষ্য বেশি ছিল না। পরের দিকে একের পর এক বোলারকে ব্যাট করতে পাঠানো হয়। চতুর্থ উইকেটের পর সিরাজকে নামানো হয়। ভারতের বোলার বিশ্বাসই করতে পারেননি এত আগে নামানো হবে। তিনি তৈরি ছিলেন না। কোনও মতে ব্যাট-প্যাড নিয়ে মাঠে নামেন এবং আগ্রাসী খেলে দলকে জেতান।দিনের শুরুতে শ্রীলঙ্কা ব্যাট করতে নামে। তাদের জন্য বরাদ্দ ছিল ৪৫ ওভার। তারা ২০০/৬ তুলে ডিক্লেয়ার করে দেন। প্রথম ইনিংসে অর্ধশতরান করা নিশান মাদুশকা দ্বিতীয় ইনিংসে ৭৩ বলে ৬৩ করে যান। নিপুন ধনঞ্জয় ৪৬ এবং অঞ্জলা বান্দারা ৩৫ করেন। রবীন্দ্র জাডেজা এবং গুরনুর ব্রার দু’টি করে উইকেট নেন।