অমিত শাহের ছেলে কোন অগ্নিপরীক্ষা দিয়ে দেশের ক্রিকেটের শীর্ষ পদে! প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Mar 10, 2026 - 08:05
 0
অমিত শাহের ছেলে কোন অগ্নিপরীক্ষা দিয়ে দেশের ক্রিকেটের শীর্ষ পদে! প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

হেদায়তুল্লা পুরকাইত, মথুরাপুর : মথুরাপুরে জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলে মথুরাপুর লোকসভা কেন্দ্রের গোপীনাথপুর মাঠে তৃণমূল কংগ্রেসের কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে একাধিক ইস্যুতে বিজেপি ও অমিত শাহকে নিশানা করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি তিনবার অগ্নিপরীক্ষা দিয়ে, সাত লক্ষের বেশি ভোটে জিতে জন প্রতিনিধি হয়েছি। কিন্তু অমিত শাহ, আমি জানতে চাই, আপনার ছেলে কোন অগ্নিপরীক্ষা দিয়ে দেশের ক্রিকেটের সর্বোচ্চ পদে বসেছে?” প্রসঙ্গত, গত ২ মার্চ একই মাঠে বিজেপির “পরিবর্তন সংকল্প যাত্রা” কর্মসূচির সূচনা করতে এসে জনসভা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সভা থেকে তিনি বাংলার তৃণমূল সরকারকে দুর্নীতি, শিল্প ও কর্মসংস্থানের অভাবের অভিযোগে কড়া ভাষায় আক্রমণ করেন। তারই পাল্টা সভা হিসেবে রবিবার গোপীনাথপুর মাঠে কর্মীসভা করে তৃণমূল কংগ্রেস। সভার প্রধান বক্তা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বক্তব্যের শুরু থেকেই বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি। অমিত শাহের আগের সভার প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, “অমিত শাহ বাংলা বলতে পারেন না। যিনি তাঁর জন্য স্ক্রিপ্ট লিখে দিয়েছিলেন, তিনি ভুল ও মিথ্যা তথ্য দিয়েছেন। সেই স্ক্রিপ্টের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। এমনকি স্ক্রিপ্টের পিছনে লেখা বাংলা পর্যন্ত তিনি ঠিকমতো পড়তে পারেননি।” তিনি আরও বলেন, “অমিত শাহের পাশে বসে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তাঁকে বলে দিচ্ছিলেন, আর মঞ্চে বসে থাকা তলপি বাহকরা হাসছিলেন। লজ্জা লাগে না তাদের?” অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “অমিত শাহ যদি সাহস থাকে, দিন ও সময় ঠিক করুন। এই মথুরাপুরেই বসা হবে, একদিকে তিনি, অন্যদিকে আমি। ২০১৪ সাল থেকে কেন্দ্রের বিজেপি সরকার কী করেছে আর বাংলার সরকার কী করেছে, দু’পক্ষই রিপোর্ট কার্ড প্রকাশ করুক। আমি দশ-শূন্য গোলে মাঠের বাইরে বের করে দেব।” এছাড়াও তিনি আরও বলেন, “অমিত শাহ যদি তাঁর অভিযোগ প্রমাণ করতে না পারেন, তবে মথুরাপুরের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। আর যদি আমার কথা মিথ্যা প্রমাণ করতে পারেন, আমি রাজনীতি ছেড়ে দেব।” আসন্ন নির্বাচনের প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, “আগের নির্বাচনে বিজেপি এখানে একটি আসন পেয়েছিল। এবারে পঞ্চাশের নিচে নামিয়ে দেব। আপনারা দায়িত্ব নিন, একত্রিশ শূন্য আসন করতে হবে বাকিটা আমি দেখে নেব।” এদিনের বক্তব্যে তিনি আরও দাবি করেন, ২০০৮ সালে এই জেলাই প্রথম সিপিআইএমের অত্যাচারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনে। পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যগুলিতে দুর্নীতি, ধর্ষণ ও অপরাধের ঘটনা নিয়ে কেন্দ্রীয় রিপোর্টের প্রসঙ্গ তুলে কটাক্ষ করেন তৃণমূল নেতা।

                 সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক জেলা ও স্থানীয় নেতৃত্ব।