শ্রীলঙ্কার বিরুদ্ধে গিল-বুমরাহ ছাড়াই নামবে ভারত

Jul 31, 2026 - 14:45
 3
শ্রীলঙ্কার বিরুদ্ধে গিল-বুমরাহ ছাড়াই নামবে ভারত

মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। দুই টেস্টের দলে রাখা হয়েছে জশপ্রীত বুমরাহকে। তবে তাঁকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। চোট রয়েছে অধিনায়ক শুভমান গিলেরও। জল্পনা, শ্রীলঙ্কায় ‘মরণবাঁচন’ টেস্ট সিরিজে গিল-বুমরাহ ছাড়াই নামবে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচের আগেই হাঁটু ফুলে গিয়েছিল বুমরাহর। তাই শেষ ম্যাচে নামানো হয়নি তাঁকে। আপাতত বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছেন ভারতের তারকা পেসার। সেখানেই চলছে তাঁর রিহ্যাব। গত বছরের নভেম্বরে গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলার পর আর লাল বল হাতে দেখা যায়নি বুমরাহকে। দীর্ঘ বিরতির পরে আবার টেস্টের ধকল সামলানোর জন্য ধাপে ধাপে তৈরি করা হচ্ছে তাঁকে। ভারতীয় বোর্ডের এক কর্তা জানিয়েছেন, এ সপ্তাহ থেকেই বল করা শুরু করবেন বুমরাহ। প্রথমে ছোট স্পেল, পরে ধীরে ধীরে বাড়ানো হবে ওয়ার্ক লোড। গোটা প্রক্রিয়াতেই নজর রাখছেন মেডিক্যাল দলের সদস্যেরা। তাঁদের অনুমতি মিললেই দীর্ঘ স্পেলে বল করতে শুরু করবেন তিনি।বোর্ডের লক্ষ্য, শ্রীলঙ্কা সফরের আগেই বুমরাহকে পুরোপুরি ম্যাচ ফিট করে তোলা। কারণ, আসন্ন দু’টি টেস্ট ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ম্যাচ হাতছাড়া হলেই সিরিজে চাপ বেড়ে যেতে পারে। তাই কোনও ঝুঁকি নিতে রাজি নয় বোর্ড। একই সঙ্গে চিন্তা বাড়িয়েছে শুভমান গিলের ঘাড়ের পুরনো সমস্যা। গত বছর ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ঘাড়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। সেই কারণে গুয়াহাটি টেস্টেও খেলতে পারেননি। বোর্ড সূত্রের খবর, এখনও দীর্ঘ সময় ব্যাট করলে ঘাড়ে ব্যথা অনুভব করেন ভারত অধিনায়ক। বোর্ডের ওই কর্তার কথায়, বেশ কিছু দিন ধরেই এই সমস্যায় ভুগছেন শুভমান। তাই বোর্ডের চিকিৎসকদের পাশাপাশি বাইরের বিশেষজ্ঞের পরামর্শও নিচ্ছেন তিনি। শ্রীলঙ্কা সফরের আগে তাঁকেও সম্পূর্ণ সুস্থ করে তোলার সব রকম প্রচেষ্টা করা হচ্ছে। পরের বছরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এমনিতেই ভারত রয়েছে পঞ্চম স্থানে। তাই ফাইনাল খেলতে গেলে শ্রীলঙ্কাকে হারাতেই হবে।