শীতের আমেজ থাকবে আরও কিছু দিন জানাল আবহাওয়া দপ্তর

Feb 9, 2026 - 19:38
 18
শীতের আমেজ থাকবে আরও কিছু দিন জানাল আবহাওয়া দপ্তর

আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত রাত এবং ভোরের দিকে শীতের আমেজ থাকবে। কিন্তু সকাল ৮টার পর শীতের পোশাকের আর প্রয়োজন হবে। পাশাপাশি, ১২ তারিখ থেকেই ধাপে ধাপে চড়তে শুরু করবে পারদ। প্রেম দিবসে দেখা যাবে বসন্তের হাওয়া। পারদ চড়বে অনেকটাই। যা মার্চ মাস বা নির্দিষ্ট করে বলতে গেলে দোলের দিনে ৪০ ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। এই পর্বে শহরজুড়ে ঘন কুয়াশার আর কোনও প্রবণতা নেই। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি কম। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠেনি। তা-ও স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি কম। গত কয়েক দিনে ধারাবাহিক ভাবে কলকাতার পারদ ছিল নিম্নমুখী। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। সোমে তার চেয়ে কিছুটা বাড়ল তাপমাত্রা। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দু’একটি জেলায় কুয়াশার সমস্যা থাকতে পারে। বাকি রাজ্যের সর্বত্র থাকবে শুকনো আবহাওয়া। সোমবার দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.২ ডিগ্রি সেলসিয়াস, রাজ্যে শীতলতম। কালিম্পঙের তাপমাত্রা নেমেছিল ৯ ডিগ্রিতে। দক্ষিণবঙ্গে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল নদিয়ার কল্যাণীতে, ১১ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, শ্রীনিকেতনে ১১.৭, বাঁকুড়ায় ১১.৯, বহরমপুরে ১২.৪, ক্যানিংয়ে ১২.৬, সিউড়িতে ১২ ডিগ্রিতে নেমেছিল পারদ। দক্ষিণের বাকি অংশে পারদ ছিল ১৩ ডিগ্রির উপরে।

কলকাতার উপকণ্ঠে দমদমে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। সল্টলেকে পারদ ১৬ ডিগ্রির নীচে নামেনি। ব্যারাকপুরের সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গ সর্বনিম্ন তাপমাত্রা এখনও ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে। আগামী চার-পাঁচদিনে তাপমাত্রার কোনও হেরফের দেখা যাবে না। তারপর উত্তরবঙ্গেও হালকা মেজাজে তাপমাত্রা বাড়তে শুরু করবে। তবে দক্ষিণবঙ্গে পারদ চড়বে আগুন-গতিতে। এই পর্বে বাংলায় কোনও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবের সম্ভবনা নেই।