রাজ্য সরকারকে আক্রমণ দিলীপ ঘোষের

Feb 14, 2026 - 09:05
 9
রাজ্য সরকারকে আক্রমণ দিলীপ ঘোষের

স্টাফ রিপোর্টার ঃ এস আই আর (স্পেশাল ইন্টেনসিভ রিভিশন) প্রক্রিয়া ঘিরে রাজ্যে চরম অনিয়ম ও প্রশাসনিক পক্ষপাতের অভিযোগ তুলে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ইকোপার্কে এক রাজনৈতিক কর্মসূচিতে তিনি বলেন, ভোটার তালিকায় নাম তোলার জন্য কোথাও জন্মের আগের বার্থ সার্টিফিকেট, আবার কোথাও বাবা-মায়ের সম্পর্ক প্রমাণে ভ্রান্ত ও পরিচয়হীন ব্লাড রিলেশন সার্টিফিকেট জমা দিতে বলা হচ্ছে। তাঁর অভিযোগ, যেকোনো মূল্যে তালিকায় নাম তোলার জন্য সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও মাইক্রো অবজার্ভারদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন দিলীপ ঘোষ। ভাঙড়ের বিডিও ও বারুইপুরের এসডিও-সহ একাধিক সরকারি আধিকারিক এবং শাসকদলের নেতাদের বিরুদ্ধে ‘থ্রেট কালচার’ চালুর অভিযোগ তোলেন তিনি। কাকুলিয়ার ঘটনায় অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে থাকলেও সাধারণ মানুষের বিরুদ্ধে দ্রুত পুলিশি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি করে তিনি বলেন, রাজ্যে আইনের প্রয়োগে দ্বিচারিতা স্পষ্ট। পাশাপাশি SIR-এর জন্য প্রয়োজনীয় ৮৫০৫ অফিসারের সম্পূর্ণ তালিকা নির্বাচন কমিশনের কাছে না পাঠানো নিয়েও রাজ্যের অনীহার অভিযোগ তোলেন তিনি। কেন্দ্রীয় প্রকল্প চালু না হওয়ায় রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক বাড়ছে বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ।