ভারতীয় দলে ফেরা নিয়ে আর কোন আক্ষেপ নেই : ভুবনেশ্বর

Aug 3, 2026 - 14:13
 7
ভারতীয় দলে ফেরা নিয়ে আর কোন আক্ষেপ নেই : ভুবনেশ্বর

ভারতের পেস আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র ছিলেন। তবে ২০২২ সালের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি ভুবনেশ্বর কুমারকে। ৩৬ বছরের এই পেসার মেনে নিলেন, ভারতীয় দলে ফেরার সম্ভাবনা হয়তো আর নেই। সেই ‘সত্য’ মেনে নিয়েই এখন অনেক বেশি শান্ত তিনি। ক্রিকেট খেলছেন শুধুই খেলার প্রতি ভালোবাসা থেকে।রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক পডকাস্টে ভুবি জানিয়েছেন, জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে এখন আর তিনি নিজেকে মানসিক চাপে রাখেন না। তাঁর কথায়, “আমি এখন মানসিক ভাবে খুব শান্তিতে আছি। বাড়িতে আমরা কখনও ক্রিকেট নিয়ে আলোচনা করি না। ভারতীয় দলে ফিরব কি না, কেন সুযোগ পাচ্ছি না– এসব নিয়েও কোনও কথা হয় না। তাই কোনও আক্ষেপও নেই।” ভারতীয় দলের বাইরে থাকলেও মাঠে তাঁর পারফরম্যান্সে ভাটা পড়েনি। ২০২৫ সালের আইপিএলে ১৪ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন। গত আইপিএলেও সমান উজ্জ্বল ছিলেন। ১৬ ম্যাচে ২৮ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারিও হন। টানা দু’বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা জয়ে নতুন বল থেকে ডেথ ওভার, সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অভিজ্ঞ এই পেসার। তবু ব্যক্তিগত লক্ষ্য এখন বদলে গিয়েছে। জাতীয় দলে ফেরাই আর তাঁর একমাত্র উদ্দেশ্য নয়। ভুবনেশ্বরের কথায়, “আমি ইতিমধ্যেই ভারতের হয়ে খেলেছি। যদি আবার সুযোগ পাই, খুব ভালো। কিন্তু এখন ক্রিকেট খেলি শুধু এই খেলাকে ভালোবাসি বলেই।”