বেনজির সিদ্ধান্ত কাশ্মীর প্রশাসনের, সময়ের অনেক আগেই কার্যত শেষ অমরনাথ যাত্রা
অমরনাথ যাত্রা নিয়ে বেনজির সিদ্ধান্ত নিল কাশ্মীর প্রশাসন। সময়ের অনেক আগেই কার্যত শেষ করে দেওয়া হল যাত্রা। কাশ্মীর প্রশাসনের দাবি, সেভাবে যাত্রীদের আগমন না হওয়ায় যাত্রা আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। এ বছর ৫৭ দিন ধরে চলার কথা দুর্গম অমরনাথ তীর্থযাত্রা। প্রতি বছর ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকী বিদেশ থেকেও লক্ষ লক্ষ ভক্ত কঠিন পাহাড়ি পথ পেরিয়ে অমরনাথ গুহায় পৌঁছন। প্রথমে জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প, তারপর সেখান থেকে অমরনাথের উদ্দেশে শুরু হয় পথচলা। কাশ্মীর প্রশাসন বলছে, এ বছর এ পর্যন্ত ৪.৭ লক্ষ তীর্থযাত্রী কড়া নিরাপত্তায় অমরনাথ যাত্রা সম্পন্ন করেছেন। কিন্তু ২৩ জুলাইয়ের পর থেকে যাত্রীসংখ্যায় ভাঁটা পড়েছে। তাছাড়া আবহাওয়ার পরিস্থিতিও ভালো নয়।কাশ্মীরের ভিডিশনাল কমিশনার অংশুল গর্গ বলছেন, “খুব কম যাত্রী আসায় যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে। জম্মু থেকে নতুন করে আর কোনও যাত্রী কাশ্মীরে এসে পৌঁছননি। তাছাড়া আবহাওয়া নিয়েও সতর্কবার্তা জারি রয়েছে। কোথাও কোথাও রাস্তা সারাইয়ের কাজ চলেছে। সব মিলিয়ে আমরা বলতেই পারি এ বছরের মতো যাত্রা সমাপ্ত।” সূত্রের খবর, অনন্তনাগ-পহেলগাঁও রুটে ইতিমধ্যেই যাত্রা শেষ করে দেওয়া হয়েছে। আপাতত শেষ যাত্রীদের দল বালতেই রুটে অমরনাথে যাচ্ছেন। সেটাই শেষ ব্যাচ হতে চলেছে।