বেঙ্গালুরুতে নতুন ক্রিকেটার, যোগ দিলেন ইংল্যান্ডের রিচার্ড গ্লিসন
আইপিএলের প্লে-অফের আগে শক্তি বাড়িয়ে নিল বেঙ্গালুরু। দলে যোগ দিলেন ইংল্যান্ডের জোরে বোলার রিচার্ড গ্লিসন। নুয়ান তুশারার জায়গায় তাঁকে নেওয়া হয়েছে।৩৮ বছরের গ্লিসন ইংল্যান্ডের হয়ে ৯টি টি-টোয়েন্টি খেলেছেন। অতীতে চেন্নাই এবং মুম্বইয়ের হয়ে আইপিএলে খেলেছেন। তবে সার্বিক অভিজ্ঞতা খুবই কম। চেন্নাইয়ের হয়ে মাত্র দু’টি এবং মুম্বইয়ের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন তিনি। তাঁকেই কয়েকটি ম্যাচের জন্য ১.৬ কোটি টাকায় কিনেছে বেঙ্গালুরু।গত বছর নিলামে তুশারাকে নিলামে কিনেছিল বেঙ্গালুরু। ট্রফি জয়ের মরসুমে একটি ম্যাচই খেলেছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটার। কিন্তু এ বছর ফিটনেসের যোগ্যতামান পূরণ করতে না পারায় তাঁকে খেলার অনুমতি দেয়নি সে দেশের বোর্ড।প্রতিবাদ করে তুশারা বোর্ডের বিরুদ্ধে মামলা করেছিলেন। কিছু দিন পরেই সেটি প্রত্যাহার করে নেন এবং বোর্ডের কাছে লিখিত আকারে ক্ষমা চান। আগেই জানিয়েছিলেন তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেননি।আইপিএলের আর এক দল চেন্নাইও নতুন ক্রিকেটার নিয়েছে। খলিল আহমেদের জায়গায় সই করানো হয়েছে জোরে বোলার কুলদীপ যাদবকে। অতীতে রাজস্থানের হয়ে খেলেছেন কুলদীপ। তাঁকে ৩০ লক্ষ টাকায় নেওয়া হয়েছে।