বিশ্বকাপ ফাইনালে হারের জন্য দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ মার্তিনেজ়ের
বিশ্বকাপে আর্জেন্টিনার অন্যতম ভরসা ছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ়। ফাইনালে স্পেনের বিরুদ্ধে নিজের সেরাটা দিয়ে লড়াই করেও দলকে জেতাতে পারেননি। এবার বিশ্বকাপ নিয়ে মুখ খুলেছেন মার্তিনেজ।সমাজমাধ্যমে সমর্থকদের কাছে এক রকম ক্ষমা চেয়ে নিয়েছেন তাঁদের প্রিয় দিবু। মার্তিনেজ় লিখেছেন, ‘‘আবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছিলাম। ট্রফিটা আবার আর্জেন্টিনায় নিয়ে এসে ইতিহাস গড়ার স্বপ্ন দেখেছিলাম। এই কষ্টটা বোঝানো কঠিন। এখন অনেক কিছু নিয়ে ভাবতে হবে। দেখতে হবে কী ভাবে সামনে এগোনো যায়। সরে দাঁড়ানোর সময় হয়েছে কিনা, সেটাও ভাবতে হবে।’’ এর পর দেশবাসীর উদ্দেশে মার্তিনেজ় লিখেছেন, ‘‘আমি খুবই দুঃখিত। আমার দেশ এবং দেশবাসীর জন্য সত্যিই নিজের সবটা দিয়ে চেষ্টা করেছি।’’ ৩৩ বছরের গোলরক্ষক সরে যাওয়ার কথা বলেছেন। তা হলে কি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন তিনি? লিয়োনেল মেসির প্রিয় দিবুর পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন মার্তিনেজ়। অন্তত তিনটি নিশ্চিত গোল বাঁচিয়ে মেসিদের লড়াইয়ে রেখেছিলেন শেষ পর্যন্ত।