পাঞ্জাবকে হারিয়ে সলমন খানের কাছে ক্ষমা চাইলেন ফেরেরা

Apr 30, 2026 - 14:25
 7
পাঞ্জাবকে হারিয়ে সলমন খানের কাছে ক্ষমা চাইলেন ফেরেরা

রাজস্থানের নতুন নায়ক হিসাবে আবির্ভূত ডোনোভান ফেরেরা। মাত্র ২৬ বলে অপরাজিত ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলে পাঞ্জাবের মুখ থেকে জয়ের গ্রাস কেড়ে নিয়েছেন। দুর্ধর্ষ ইনিংসে ম্যাচ জেতানোর পর বলিউডের ‘ভাইজান’ সলমন খানের কাছে ক্ষমা চেয়ে নিলেন।রাজস্থানের ৬ উইকেটে জয়ের পর ফ্রাঞ্চাইজির তরফে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে ডোনোভানকে হিন্দিতে বলতে শোনা গিয়েছে, “সরি ভাই, আজ নেহি।” প্রশ্ন হল, সলমনের কাছে হঠাৎ ক্ষমা চাইতে গেলেন কেন? তার জন্য ফিরে যেতে হবে একযুগ আগে। ২০১৪-র ফাইনালে দেখা হয়েছিল কেকেআর এবং পাঞ্জাবের। রুদ্ধশ্বাস সেই ম্যাচে ৩ উইকেটে জেতে শাহরুখের টিম। তার কিছুদিন আগে প্লে অফের ম্যাচেও অনায়াসে জিতেছিল নাইটরা। তখনই প্রীতির টিমকে খোঁচা দিয়ে টুইট করেছিলেন সলমন। লিখেছিলেন, ‘প্রীতির দল কি জিতল?’ সেই পোস্ট উল্লেখ করেই পঞ্জাবকে খোঁচা দিয়েছে রাজস্থান বলে মনে করা হচ্ছে।উল্লেখ্য, দু’সপ্তাহ আগে ১২ বছর পর প্রীতি জিন্টার দলকে নিয়ে মুখ খুলেছিলেন সলমন খান। শেষবার যখন পাঞ্জাব কিংসকে নিয়ে ‘টাইগার’ সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, তখন রীতিমতো খোঁচাই দিয়েছিলেন। অবশেষে পাঞ্জাবের দাপট দেখে ‘শাবাশি’ দিতে বাধ্য হন সলমন। তখন ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল পাঞ্জাব। তারপরই সলমন সোশাল মিডিয়ায় লেখেন, ‘দারুণ জিন্টা। অনেক শুভেচ্ছা। তোমার দল ভালো খেলছে।’ সঙ্গে প্রীতি জিন্টাকে ট্যাগও করেছেন সলমন। তবে এবার সেই সলমনকে কার্যত খোঁচা দিলেন ডোনোভান-সহ গোটা রাজস্থান টিম।