পাকিস্তানে আত্মঘাতী জঙ্গি হামলা! মৃত পাক জওয়ান-সহ ১৫
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী বোমা বিস্ফোরনে মৃত্যু হল ১২ জন পাকিস্তানি সেনা-সহ মোট ১৫ জনের। বৃহস্পতিবার রাতে আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় ঘটনাটি ঘটেছে। পাকিস্তানের পালটা প্রত্যাঘাতে ১২জন চরমপন্থী নিহত হয়েছে বলে জানা গিয়েছে।পাক সেনা সূূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে পাক-আফগানিস্তান সীমান্তে উত্তর-পশ্চিম পাখতুনখোয়া প্রদেশের টাঙ্ক জেলায় আত্মঘাতী হামলা চলে। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানের নিরাপত্তা ভেদ করতে না পেরে চরমপন্থীরা বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ধাক্কা মারে চেকপয়েন্টের বাইরের দেওয়ালে। এই হামলায় ১২ জন সেনা জওয়ান, দু’জন পুলিশ ও বন বিভাগের একজন মিলিয়ে মোট ১৫ জন নিহত হয়েছেন।পাক সেনাবাহিনী এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, আমাদের বীর পনেরোজন শহিদ হয়েছেন। হামলাকারীরা বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে চেকপয়েন্টের বাইরে ধাক্কা মারে। বিস্ফোরণে চেকপয়ন্টের পরিকাঠামোরও ক্ষতি হয়েছে।’ ঘটনার দায় শিকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান নামে পরিচিত তালেবান জঙ্গিরা। তাদের চারজন এই আত্মঘাতী হামলা চালিয়েছে বলে জানিয়েছে তারা।