নেতাজির অন্তর্ধান রহস্যের তদন্তে ফের মোদিকে চিঠি ফরওয়ার্ড ব্লকের

Aug 13, 2026 - 10:50
 5
নেতাজির অন্তর্ধান রহস্যের তদন্তে ফের মোদিকে চিঠি ফরওয়ার্ড ব্লকের

নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্যের তদন্তে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিল ফরওয়ার্ড ব্লক। তাদের আর্জি, সরকার যেন মুখার্জি কমিশনের রিপোর্ট গ্রহণ করে।বুধবার সর্বভারতীয় ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক জি. দেবরাজন প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘কয়েক দশক অতিক্রান্ত হলেও নেতাজিকে নিয়ে এখনও রহস্য থেকে গিয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান নেতার সঙ্গে ঠিক কী ঘটেছিল, তা জানার অধিকার দেশের জনগণের রয়েছে। নেতাজির অন্তর্ধান এবং ১৯৪৫ সালের ১৮ আগস্ট কথিত বিমান দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে ভারত সরকার ১৯৯৯ সালে মুখার্জি কমিশন গঠন করেছিল। জাপান, তাইওয়ান ও অন্যান্য দেশ থেকে প্রাপ্ত তথ্য, নথিপত্র, সাক্ষীদের বয়ান পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর কমিশন এই সুনির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হয় যে, তাইহোকুতে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি। রেনকোজি মন্দিরে সংরক্ষিত চিতাভস্ম সুভাষচন্দ্রের নয়।’ চিঠিতে তিনি আরও লেখেন, ‘নিরপেক্ষ তদন্তের মাধ্যমে রেনকোজি মন্দিরের তথাকথিত চিতাভস্মের পরিচয় নিশ্চিতভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত, সেটিকে ভারতে নিয়ে আসার সমস্ত প্রচেষ্টা চিরতরে বন্ধ করা হোক। সরকারের উচিত মুখার্জি কমিশনের সিদ্ধান্তকে আনুষ্ঠানিকভাবে মেনে নেওয়া। প্রমাণের ভিত্তিতে সত্যকে প্রতিষ্ঠিত করাই এখন জরুরি।’ একইসঙ্গে তিনি দক্ষ তদন্তকারী, ইতিহাসবিদ ও বিশেষজ্ঞদের নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল গঠনেরও আহ্বান জানিয়েছে।