নারিন-বরুণের খেলা নিয়ে এখনও ধোঁয়াশা
লখনউয়ের বিরুদ্ধে নামার আগে দুঃসংবাদ নাইট শিবিরে। সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীকে আজও পাওয়া যাবে কিনা, তা নিয়ে রীতিমতো সংশয়ে কেকেআর। চলতি বছর নিজেদের সেরা ছন্দে নেই তাঁরা। প্রথম দু’ম্যাচেই ওভারের কোটা শেষ করেননি বরুণ চক্রবর্তী। সুনীল নারিনও কার্যত প্রভাবহীন। কিন্তু তা বলে তাঁদের পুরোপুরি বসিয়ে দেওয়া হবে? সমর্থকরা যেটা কস্মিনকালেও ভাবেননি সেটাই ইডেনে গত সোমবার করেছিল কেকেআর ম্যানেজমেন্ট। দুই মূল স্পিনারকে ছাড়াই শ্রেয়সদের বিরুদ্ধে নেমেছিল নাইটরা। যা নিয়ে কম লেখালেখি হয়নি। যদিও পরে কেকেআর শিবির জানায়, দু’জনেরই ছোটখাট চোট সমস্যা ছিল। বুধবার কেকেআর আরও যে দুঃসংবাদ দিল সেটা হল দুই তারকা এখনও পুরোপুরি সুস্থ নন। বৃহস্পতিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তাঁরা নামবেন কিনা সেই সিদ্ধান্তও হবে ম্যাচের দিন।দল সূত্রে খবর, পেটে কিছু সমস্যা হচ্ছে নারিনের। তবে তিনি এখন অনেকটা ঠিক আছেন। অন্যদিকে বরুণ চক্রবর্তী সানরাইজার্স ম্যাচে ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পান। তিনিও নাইট অনুশীলনে যোগ দিয়েছেন। তবে তাঁদের বৃহস্পতিবার ম্যাচে পাওয়া নিয়ে সংশয় কাটেনি। কেকেআর জানাচ্ছেন, ওই তারকা ঋষভ পন্থদের বিরুদ্ধে খেলতে পারবেন কিনা, সেই সিদ্ধান্ত হবে একেবারে টসের সময়।