‘ধৈর্য এবং অধ্যাবসায়ের ফল', হাসপাতাল থেকে এল ওয়াংচুকের বিজয়বার্তা
ধৈর্য আর অধ্যাবসায়ের ফল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরই হাসপাতাল থেকে আন্দোলনকারী পড়ুয়াদের উদ্দেশে এমনই বার্তা দিলেন সোনম ওয়াংচুক। শনিবার কেন্দ্রের সঙ্গে বৈঠক ছিল ককরোচ জনতা পার্টির (সিজেপি)। কিন্তু তার দেড় ঘণ্টা আগেই পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র। এক্স হ্যান্ডলে ওয়াংচুক লেখেন, ‘‘এটি গণতন্ত্রের জয়। শান্তি, অধ্যাবসায় এবং ধৈর্যের জয়।’’ তার পরই তিনি সিজেপি এবং জেন জ়ি-দের ধন্যবাদজ্ঞাপন করেন। তাঁদের এই আন্দোলনে পাশে থাকার জন্য দেশবাসীকেও ধন্যবাদ জানান ওয়াংচুক। দিন কয়েক আগেই তাঁকে দিল্লির সফদরজঙ্গ হাসপাতাল থেকে হরিয়ানার গুরুগ্রামের হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকেই আন্দোলনকারীদের উদ্দেশে বার্তা দিলেন ওয়াংচুক। হাসপাতালের বিছানায় বসে, মুখে স্মিত হাসি। বাঁ হাতের দুই আঙুল দিয়ে ‘ভিকট্রি সাইন’। সোনমের এই ছবিই প্রকাশ্যে এসেছে।গত কয়েক দিন ধরেই নিটের প্রশ্নফাঁস এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে উত্তাল ছিল দিল্লি। সেই আন্দোলন ধাপে ধাপে দেশের অন্য রাজ্যগুলিতেও ছড়াতে শুরু করেছিল। সিজেপি-র সঙ্গে গত দু’দিনে কেন্দ্রের দু’দফায় বৈঠক হয়। সিজেপি-র তিন দফা বৈঠকের মধ্যে দু’দফায় ‘সায়’ দিয়েছিল কেন্দ্র। কিন্তু ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়ে একটা টানাপড়েন চলছিল। আর এই টানাপড়েনের আবহেই সিজেপি হুঁশিয়ারি দিয়েছিল যে, যত দিন না ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেবেন, তত দিন আন্দোলন জারি থাকবে। শনিবার তৃতীয় দফার বৈঠক হওয়ার কথা ছিল দু’পক্ষের। কিন্তু তার আগেই ইস্তফা দেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে ‘ককরোচ’রা তাঁদের সবচেয়ে বড় জয় হিসেবেই দেখছেন।