ধূপগুড়িতে তৃণমূলের ঘাঁটিতে ভাঙন, বিজেপিতে যোগ দিলেন একাধিক পরিবার

Mar 23, 2026 - 08:58
 9
ধূপগুড়িতে তৃণমূলের ঘাঁটিতে ভাঙন, বিজেপিতে যোগ দিলেন একাধিক পরিবার

ধূপগুড়ি, জলপাইগুড়ি: ভোটের আবহে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে রাজনৈতিক দলবদলের জোর হাওয়া। বিজেপি মনোনীত প্রার্থী নরেশ চন্দ্র রায়-এর নাম ঘোষণার পর থেকেই জনসংযোগ কর্মসূচির মধ্য দিয়ে দলীয় শক্তি বাড়াতে সক্রিয় গেরুয়া শিবির।

এরই মাঝে ঝাড়আলতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটিতে বড়সড় ভাঙনের ছবি সামনে এল। স্থানীয় ১৫/৬০ নম্বর বুথ, যা দীর্ঘদিন ধরে তৃণমূলের অঞ্চল সভাপতির খাসতালুক হিসেবে পরিচিত, সেখান থেকেই একাধিক পরিবার শাসক দল ছেড়ে বিজেপিতে যোগ দেন।

জানা গিয়েছে, ওই বুথের প্রায় ১৪টি পরিবারের প্রায় ৬০ জন ভোটার তৃণমূল ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা হাতে তুলে নেন। দলত্যাগীদের অভিযোগ, শাসক দলের দুর্নীতি ও জনস্বার্থবিরোধী কাজের প্রতি ক্ষোভ থেকেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন।

যোগদান কর্মসূচিতে উপস্থিত হয়ে বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায় বলেন, “মানুষ এখন প্রকৃত পরিবর্তন চাইছে, আর সেই আস্থার জায়গা হয়ে উঠেছে বিজেপি।”

একসময়ের কংগ্রেস ও পরে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকায় এমন ভাঙন আসন্ন নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।