দিল্লির রেস্তরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত অন্তত ২০
দক্ষিণ দিল্লির মালব্যনগরে একটি রেস্তরাঁয় আগুন লেগে মৃত্যু হল অন্তত ২০ জনের।আগুন কেন লাগল তা এখনও জানা যায়নি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাড়িটির বেসমেন্ট থেকে এগারো জনকে উদ্ধার করেছেন দমকল কর্মীরা। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ওই ব্যক্তিরা কেমন আছেন, তা জানা যায়নি এখনও পর্যন্ত। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এমন ভয়াবহ দুর্ঘটনার পরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারকে সহমর্মিতা জানিয়েছেন। সেই সঙ্গেই ঘোষণা করেছেন মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের চিকিৎসার জন্য ৫০ লক্ষ টাকা করে দেওয়া হবে। মনে করা হচ্ছে, ওই পাঁচতলা বাড়িটিতে যখন আগুন লেগে যায় তখন সেখানে ৪০ জন ছিলেন। হউজ রানিতে অবস্থিত এক সরু গলির ভিতরে অবস্থিত ওই বাড়িটির বেসমেন্টে রয়েছে ওই রেস্তরাটি। সেখানে বিদেশি পর্যটকরা নিয়মিত খাওয়া দাওয়া করেন বলে জানা গিয়েছে। আম আদমি পার্টির নেতা সোমনাথ ভারতী জানিয়েছেন, “সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত মর্মান্তিক ও ভয়াবহ। ভবনের ওপরের দিকের কক্ষগুলোতে এখনও বেশ কয়েকজন মানুষ আটকা পড়ে আছেন। এই ভবনটি একটি হোটেল হিসেবে পরিচালিত হচ্ছিল। এর আগে এটি খাদি গ্রাম ভবন হিসেবে ব্যবহৃত হত।” সেই সঙ্গেই তাঁর অভিযোগ, খবর পাওয়ার অন্তত ৫০ মিনিট পর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এদিকে এক্স হ্যান্ডলে একটি পোস্টে অগ্নিকাণ্ডদের নিহতদের ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।