দলকে জেতাতে পারলেন না মেসি, টানা পাঁচ ম্যাচে জয় পেল না ইন্টার মায়ামি
ইন্টার মায়ামির হয়ে পর পর দু’ম্যাচে গোল করলেন লিয়োনেল মেসি। তা-ও মেজর লিগ সকারে দলকে জেতাতে পারলেন না। কানাডার ক্লাব টরন্টো এফসির কাছে ১-২ ব্যবধানে হেরে গেল মায়ামি।মায়ামির একমাত্র গোলটি এসেছে মেসির পা থেকেই। ঘরের মাঠে ম্যাচের ৮২ মিনিটে জাতীয় দলের সতীর্থ রদ্রিগো ডি পলের কাছ থেকে বল পান মেসি। ফুটবলজীবনের ৯২৩তম গোল করতে ভুল করেননি মেসি। কিন্তু তাঁর এই গোল জেতাতে পারল না মায়ামিকে। ব্যবধান কমায় মাত্র।প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের লক্ষ্যে আক্রমণ ফুটবল খেলতে শুরু করেন টরন্টোর ফুটবলারেরা। ৫৯ মিনিটে টরন্টোর হয়ে প্রথম গোল করেন জশ সার্জেন্ট। ৩ মিনিট পরেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় কানাডার ক্লাবটি। দ্বিতীয় গোলটি করেন ডেরিক এতিয়েন জুনিয়র। সমতা ফেরানোর চেষ্টা করেও পয়েন্ট পায়নি মায়ামি।মেজর লিগ সকারে মেসি ১৪টি গোল করে ফেললেন। সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মায়ামি অধিনায়ক। ১৬টি গোল করে শীর্ষে রয়েছেন ডালাসের পিটার মুসা। মেসিদের হারিয়ে প্লে-অফের দৌড়ে ঢুকে পড়েছে টরন্টো। লিগের পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে ন্যাশভিল। মেসিরা দ্বিতীয় স্থানে থাকলেও টরন্টো ম্যাচের পর পয়েন্টের ব্যবধান বেড়ে ১০।