দমদমে জোরকদমে বিজেপির প্রচার, র‍্যালি ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

Apr 1, 2026 - 09:22
 17
দমদমে জোরকদমে বিজেপির প্রচার, র‍্যালি ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দমদম বিধানসভা কেন্দ্রে জোরদার প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সি। সকাল-বিকেল পথসভা, মিছিল ও র‍্যালির মাধ্যমে এলাকায় নিজের উপস্থিতি আরও জোরালো করছেন তিনি।

৩০ মার্চ সুভাষনগর মাঠ থেকে একটি বিশাল র‍্যালির সূচনা হয়।

গোবরাবাজার থেকে আর. এন. গুহ রোড হয়ে গুগুডাঙ্গা হয়ে দমদম হনুমান মন্দিরের সামনে গিয়ে শেষ হয় এই মিছিল। একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন প্রার্থী।

ঢাকের তালে "এই তৃণমূল আর নয়", "চোর চোর" স্লোগান এবং "জয় শ্রী রাম" ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। গেরুয়া পতাকায় ভরে ওঠে রাস্তা, কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নাচ-গান ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রচারে অংশ নিয়ে মানুষের আশীর্বাদ প্রার্থনা করেন তাঁরা। এই র‍্যালির মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলা এবং সরকারের বিরুদ্ধে জনমত সংগঠিত করা।

অন্যদিকে, এই কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনাও বৃদ্ধি পায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

এদিন অরিজিৎ বক্সি বলেন, "মানুষ পরিবর্তন চাইছে এবং আমাদের ওপর দায়িত্ব দিচ্ছে। মানুষ বলছে-জেতো, আর পারা যাচ্ছে না, আমাদের রক্ষা করো।" তিনি রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়েও সমালোচনা করেন এবং দাবি করেন, বর্তমান শিক্ষামন্ত্রীর আমলে বহু সরকারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে এবং বহু স্কুলে ছাত্রসংখ্যা কমে গেছে।

পাশাপাশি, ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন বিজেপি প্রার্থী।