ডুরান্ড কাপের নকআউটে মোহনবাগান, সাউথ ইউনাইটেডকে ৮ গোল সবুজ মেরুনের

Aug 5, 2026 - 14:41
 16
ডুরান্ড কাপের নকআউটে মোহনবাগান, সাউথ ইউনাইটেডকে ৮ গোল সবুজ মেরুনের

সাউথ ইউনাইটেড এফসিকে হারিয়ে ডুরান্ড কাপের নকআউটে পৌঁছে গেল মোহনবাগান। প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলকে ১-০ ব্যবধানে হারানোর পর মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে পানাজিয়োটিস ডিমপেরিসের দল জিতল ৮-০ গোলে। লড়াইহীন ম্যাচে হ্যাটট্রিক করলেন মনবীর সিংহ। একপেশে ম্যাচে মোহনবাগানকে কোনও সময়ই সমস্যায় ফেলতে পারেনি বেঙ্গালুরুর ক্লাবটি।মোহনবাগানের ফুটবলারেরা একরতফা খেলে গেলেন শুরু থেকে। সাউথ ইউনাইটেডের রক্ষণাত্মক ফুটবল সবুজ-মেরুন ফুটবলারদের সামনে কোনও বাধা তৈরি করতে পারেনি। সাউথ ইউনাইটেড গ্রুপের প্রথম ম্যাচে ২-০ গোলে হারিয়ে ছিল সিআইএসএফকে। সে কারণে খাতায় কলমে কিছুটা সুবিধাজনক জায়গায় ছিল তারা। কিন্তু মাঠের লড়াইয়ে একটুও সুবিধা করতে পারেননি সাউথ ইউনাইটেডের ফুটবলারেরা। প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান। ৪ মিনিটে গোল করেন মনবীর। ১০ মিনিটে ব্যবধান বাড়ান আলবার্তো রডরিগেজ। ১৯ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করেন রাহুল ভেকে। ২২ মিনিটে দ্বিতীয় গোল করেন মনবীর।প্রায় পুরো সময়ই খেলা হয়েছে সাউথ ইউনাইটেডের অর্ধে। বল ঘুরেছে মোহনবাগান ফুটবলারদের পায়ে পায়ে। সাউথ ইউনাইটেডের গেরুয়া জার্সি যতটা উজ্জ্বল দেখিয়েছে, তাদের ফুটবল ততটাই ফ্যাকাশে। গোটা ম্যাচেই পার্শ্বচরিত্রের ভূমিকায় দেখা গিয়েছে বেঙ্গালুরুর ক্লাবটির ফুটবলারদের। খেলায় না ছিল পরিকল্পনা। না ছিল দক্ষতা। না বল পাওয়ার চেষ্টা। না সঠিক পাস। মোহনবাগান ফুটবলারদের পিছনে পিছনে ঘুরতেই যেন মাঠে নেমে ছিলেন তাঁরা। পরিকল্পনাহীন প্রাক মরসুম প্রতিযোগিতায় থেকে এর চেয়ে ভাল ফুটবল আশা করাও বোধহয় ঠিক নয়।

দ্বিতীয়ার্ধেও সাউথ ইউনাইটেডের খেলায় কোনও উন্নতি দেখা যায়নি। ৬০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন মনবীর। ৮৫ মিনিটে মোহনবাগানের ষষ্ঠ গোল সাউথ ইউনাইটেডের এক ডিফেন্ডার এবং গোলরক্ষকের ভুল বোঝাবুঝির ফল। নিরীহ বল থেকেও যে ও ভাবে আত্মঘাতী গোল করা যায়, চোখে দেখলেও বিশ্বাস করা কঠিন। ৮৯ মিনিটে গোল করেন পরিবর্ত হিসাবে নামা সুহেল ভাট। সংযুক্ত সময়ে নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে অষ্টম গোল করেন সুহেল।