টিম ইন্ডিয়ার নতুন স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে
প্রাক্তন স্পিনারকে টিম ইন্ডিয়ার স্পিন বোলিং কোচ হিসাবে নিয়োগ করল বিসিসিআই। টিম ইন্ডিয়ার নতুন স্পিন বোলিং কোচ হলেন সাইরাজ বাহুতুলে।মঙ্গলবার কুলদীপ যাদবদের নতুন স্পিন বোলিং কোচ হিসাবে বাহুতুলের নাম ঘোষণা করেছে বিসিসিআই। গৌতম গম্ভীরের কোচিং স্টাফের পঞ্চম সদস্য হবেন তিনি। এতদিন ভারতের পেস বোলিং কোচ হিসাবে কাজ করছেন মর্নি মর্কেল, ফিল্ডিং কোচ হিসাবে রয়েছেন টি দিলীপ, ব্যাটিং কোচ শীতাংশু কোটাক, সহকারী কোচ হিসাবে কাজ করছেন রায়ান টেন দুশখাতে। সেই স্টাফে এবার স্পিন বোলিং কোচ হিসাবে কাজ করবেন বাহুতুলে। এর আগে ভারতের কোনও স্পিন বোলিং কোচ ছিলেন না।কোচ হিসাবে বাহুতুলে বেশ অভিজ্ঞ। ক্রিকেটার হিসাবেও ঘরোয়া ক্রিকেটে বেশ সফল ছিলেন। ৫৩ বছর বয়সি বাহুতুলে দু’টি টেস্ট ও আটটি ওয়ানডে খেলেছেন। মোট পাঁচটি উইকেট পেয়েছিলেন। তবে ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের প্রাক্তন ক্রিকেটারের পারফরম্যান্স ঈর্ষণীয়। ১৮৮টি ম্যাচে পেয়েছেন ৬৩০টি উইকেট। পাশাপাশি ৬১৭৩ রানও করেছেন।২০১৫ সালে বাহুতুলেকে বাংলার কোচ করা হয়। এছাড়া কেরলের ক্রিকেট দলেও কোচিং করিয়েছেন। এর আগেও ভারতীয় দলের সঙ্গে ছিলেন বাহুতুলে। ২০২২-২৩ সালে রাহুল দ্রাবিড় কোচ থাকাকালীন অস্ট্রেলিয়া সিরিজের সময় স্পিন পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। এছাড়া বিসিসিআইয়ের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেও কোচিং করিয়েছেন। রাজস্থান রয়্যালসের বোলিং কোচ হিসেবে ছিলেন। বর্তমানে তিনি পাঞ্জাব কিংসের স্পিন বোলিং কোচ। আর তাঁর দলেরই কোচ পাবেন স্পিন বোলিং কোচের দায়িত্ব।