টানা বর্ষণে কেরলে মৃত বেড়ে ১৫! এখনও নিখোঁজ সাত
টানা বৃষ্টিতে বিপর্যস্ত কেরল। দুর্যোগজনিত বিভিন্ন দুর্ঘটনায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৫ জনের। এখনও নিখোঁজ সাত জন। সোমবার এই পরিসংখ্যান দিয়েছেন মুখ্যমন্ত্রী ভিডি সতীশন।সোমবার কেরলের মুখ্যমন্ত্রী সতীশন জানিয়েছেন, বৃষ্টির জেরে হওয়া দুর্ঘটনায় কোট্টায়াম জেলায় প্রাণ হারিয়েছেন তিন জন। মৃতের তালিকায় এক শিশুও রয়েছে। দু’জন মারা গিয়েছেন পুঞ্জরে। শিশুটির জলাধারে পড়ে মৃত্যু হয়েছে। এর্নাকুলামে দু’জনের মৃত্যু হয়েছে। মালাপ্পুরমে সাত জনের মৃত্যু হয়েছে। অন্যত্র আরও এক জনের মৃত্যুর খবর মিলেছে। সাত জন এখনও নিখোঁজ বলেও জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী।বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য তৎপর কেরলের প্রশাসন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সোমবার সকাল পর্যন্ত ৩১৬টি ত্রাণশিবির খোলা হয়েছে গোটা রাজ্যে। সেখানে আশ্রয় নিয়েছেন ঘরছাড়া ১১,০১৮ জন।ভারতীয় মৌসম ভবন জানিয়েছে, আগামী ৬ অগস্ট পর্যন্ত কেরলে ভারী বৃষ্টি চলবে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্রে দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছোতে পারে। কেরল উপকূলে আছড়ে পড়তে পারে বড় বড় ঢেউ, যার উচ্চতা প্রায় ২.৭ থেকে ৩.৫ মিটার। সে কারণে কেরল-কর্নাটক-লক্ষদ্বীপ উপকূল সংলগ্ন সমুদ্রে মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে।