জয়নগরে তৃণমূলের ভরসা বিশ্বনাথ দাস, লক্ষ্য ৭০ হাজার ভোটে জয়
দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর বিধানসভা কেন্দ্রকে সামনে রেখে ২০২৬ সালের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস ফের ভরসা রেখেছে প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ দাসের উপর। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর উপর আস্থা রাখায় সংগঠনের মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে।
প্রার্থী ঘোষণার পর প্রতিক্রিয়ায় বিশ্বনাথ দাস জানান, “দল আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছে, তা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। মানুষের পাশে থেকে তাদের সেবা করাই আমার প্রধান লক্ষ্য।” তিনি দাবি করেন, জয়নগর কেন্দ্রে সিপিএম ও বিজেপির তেমন প্রভাব নেই, তাই এবার বড় ব্যবধানে জয়ের লক্ষ্য নিয়েছেন তিনি। তাঁর কথায়, “আমাদের টার্গেট অন্তত ৭০ হাজার ভোটে জয়লাভ করা।”
তিনি আরও জানান, ২০২৪ লোকসভা নির্বাচনের সময় যেসব যুবক বিজেপির হয়ে প্রচার করেছিলেন, পরবর্তীতে মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্প—বিশেষ করে ‘যুব সাথী’—পাওয়ার পর তারা স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করতে শুরু করেছেন। এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি এবং এর জন্য দলনেতৃত্বকে ধন্যবাদ জানান।
বিরোধীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বিশ্বনাথ দাস বলেন, “যারা বাংলার কৃষ্টি ও সংস্কৃতি বোঝেন না, তারা আগে বাংলায় থাকুন, তারপর বাংলা দখলের কথা ভাবুন। এই বাংলা মাটি দুর্জয় ঘাঁটি—বহিরাগতদের এখানে কোনও স্থান নেই।”
উল্লেখযোগ্যভাবে, এখনও পর্যন্ত জয়নগর বিধানসভা কেন্দ্রের জন্য বিজেপি ও সিপিএম তাদের প্রার্থী ঘোষণা করেনি। ফলে রাজনৈতিক লড়াইয়ের পূর্ণ চিত্র স্পষ্ট না হলেও তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই প্রচারে এগিয়ে রয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।