গ্রামীণ ডাক সেবক পরীক্ষায় জাল নথি, বারুইপুরে গ্রেফতার যুবক
প্রদীপ কুমার সিংহ, বারুইপুর : গ্রামীণ ডাক সেবকের পরীক্ষায় জাল নথি জমা দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গ্রেফতার হল এক যুবক। ঘটনা বারুইপুর মুখ্য পোস্ট অফিসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সুশান্ত দাস। তার বাড়ি কোচবিহারের মেখালিগঞ্জ থানা এলাকায়। সোমবার বারুইপুর পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবকের পরীক্ষার জন্য হাজির হয় সে। পরীক্ষার আগে তার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট যাচাই করতে গিয়ে সন্দেহ হয় পোস্ট অফিসের কর্মীদের। কর্মীদের নজরে আসে, মার্কশিটে প্রতিটি বিষয়ে ৯৫ শতাংশের বেশি নম্বর দেখানো হয়েছে, যা দেখে সন্দেহ আরও বাড়ে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ধৃত যুবক অসংলগ্নভাবে উত্তর দিতে শুরু করে। এরপরই পোস্ট অফিস কর্তৃপক্ষ বারুইপুর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুশান্তকে আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই যুবক নিজেকে স্নাতক বলে দাবি করেছিল এবং একটি বিজ্ঞাপন দেখে পরীক্ষায় অংশ নিতে আসে। পরে যাচাই করে দেখা যায়, তার জমা দেওয়া সমস্ত নথিই জাল।
পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত জানিয়েছে, ঝাড়খণ্ডের এক আইনজীবীর কাছ থেকে মোটা টাকার বিনিময়ে সে এই জাল নথিগুলি সংগ্রহ করেছিল। তার কাছ থেকে আরও বেশ কিছু জাল শংসাপত্র উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।