গোপনীয়তা ক্ষুণ্ণ হচ্ছে! নিরাপত্তার প্রশ্ন তুললেন সিজেপি মুখপাত্র সৌরভ

Aug 7, 2026 - 15:22
 11
গোপনীয়তা ক্ষুণ্ণ হচ্ছে! নিরাপত্তার প্রশ্ন তুললেন সিজেপি মুখপাত্র সৌরভ

কিছু ইউটিউবার এবং সাংবাদমাধ্যমের জন্য তাঁর গোপনীয়তা ক্ষুণ্ণ হচ্ছে— এমনই অভিযোগ তুললেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র অন্যতম মুখপাত্র সৌরভ দাস। তাঁর অভিযোগ, বাড়ির ভিতরে ‘অন্যায্য ভাবে’ ঢুকে পড়ে ছবি তোলা হচ্ছে, ভিডিয়ো করা হচ্ছে। সিজেপি মুখপাত্র বলেন, ‘‘যদি কোনও দুষ্কৃতী এই সুযোগে আমার বাড়িতে হামলা চালায়, তা হলে এই সব ইউটিউবার এবং তাঁদের ট্রোল হ্যান্ডলাররা তার জন্য সরাসরি দায়ী থাকবেন।’’ বর্তমানে সৌরভ মহারাষ্ট্রে রয়েছেন। তিনি সেখানে ‘সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিস’ কর্মসূচিতে যোগ দিয়েছেন। নিজের এক্স হ্যান্ডলে সৌরভ দাবি করেছেন, বুধবার সকালে ১৫-২০ জন তাঁর বাড়ির বাইরে ভিড় জমান। অনেকে আবার আগের রাতে তাঁর বাড়ির সামনে পৌঁছে গিয়েছিলেন।এর পরই ‘ককরোচ’ মুখপাত্র বলেন, ‘‘এই ঘটনা শুধুমাত্র গোপনীয়তাই ক্ষুণ্ণ করছে না, এর ফলে আমার এবং পরিবারের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে।’’ এ বিষয়ে দিল্লি পুলিশের কাছে একটি অভিযোগও দায়ের করেছেন সৌরভ। তাঁর অনুপস্থিতিতে কেউ বাড়িতে প্রবেশ করলে তাঁদের বিরুদ্ধে জোর করে অনুপ্রবেশ, অপরাধের চেষ্টা, মানহানি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা করার আবেদনও জানিয়েছেন। সিজেপি মুখপাত্রের হুঁশিয়ারি, এই ধরনের কাজের মাধ্যমে তাঁকে চুপ করিয়ে দেওয়া যাবে না।