গুরুদ্বারের কাছে অকালি প্রধান সুখবীরকে খুনের চেষ্টা, আটক অভিযুক্ত

Aug 14, 2026 - 12:43
 7
গুরুদ্বারের কাছে অকালি প্রধান সুখবীরকে খুনের চেষ্টা, আটক অভিযুক্ত

অকালি দলের প্রধান তথা পাঞ্জাবের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের উপর হামলা! অভিযোগ, মহারাষ্ট্রে একটি গুরুদ্বারের বাইরে কৃপাণ নিয়ে তাঁর উপর চড়াও হন এক নিহাঙ্গ শিখ।সূত্রের খবর, বৃহস্পতিবার নান্দেদের তখত শ্রী হুজুর সাহেব গুরুদ্বারে প্রার্থনা করতে গিয়েছিলেন সুখবীর। তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী তথা অকালি দলের সাংসদ হরসিমরত কৌর বাদলও। অভিযোগ, প্রার্থনা শেষে সিঁড়ি দিয়ে নামার সময় আচমকা এক যুবক কৃপাণ নিয়ে তাঁর উপর হামলা চালায়। এলোপাথাড়ি কোপে রক্তাক্ত হন সুখবীর। তবে সঙ্গে সঙ্গে হামলাকারীকে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। অকালি প্রধানের পেটে এবং হাতে আঘাত লেগেছে বলে খবর। তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন।জানা গিয়েছে, অভিযুক্তের নাম জসপল সিং। তিনি একজন নিহাঙ্গ শিখ। বিগত দু’বছর ধরে জসপল ওই গুরুদ্বারে কর্মরত। কিন্তু কী কারণে তিনি সুখবীরের উপর হামলা চালালেন, তা এখনও জানা যায়নি। তবে একটি সূত্রের খবর, পুলিশকে জসপল জানিয়েছেন, সুখবীরকে দেখে আচমকা তিনি ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন, রাগের মাথাতেই তিনি হামলা চালান। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মহারাষ্ট্র পুলিশ। আটক করা হয়েছে অভিযুক্তকে। হামলার নিন্দা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।