গম্ভীর, আগরকরদের ভাবনাতেই নেই শামি! ১৫ পেসারের তালিকা তৈরি
আর হয়তো কোনও দিন ভারতীয় দলে দেখা যাবে না মহম্মদ শামিকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের দলে সুযোগ পাননি তিনি। জসপ্রীত বুমরাহ অনিশ্চিত থাকাকালীনও শামির দিকে তাকাচ্ছেন না নির্বাচকেরা।গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ বার খেলেছিলেন শামি। দেশের হয়ে নিজের প্রথম আইসিসি ট্রফি জেতার পর থেকেই আর দলে জায়গা পাননি। অথচ ঘরোয়া ক্রিকেটে সফল হয়েছেন। লম্বা স্পেল করেছেন। গত মরসুমে ৩৭ উইকেট নিয়েছেন। আইপিএলেও খেলেছেন। এ বারও বাংলার হয়ে খেলবেন তিনি। কিন্তু তিনি যে আর অজিত আগরকর, গৌতম গম্ভীরদের ভাবনায় নেই, তা স্পষ্ট। ‘স্পোর্টস্টার’ একটি রিপোর্টে জানিয়েছে, ইতিমধ্যেই তিন ফরম্যাট মিলিয়ে ১৫ পেসারের একটি তালিকা তৈরি করেছে বোর্ড। সেই পেসারদের কয়েক জন অভিজ্ঞ। কয়েক জন নতুন। তাঁদেরই ধরে রাখা হবে।জানা গিয়েছে, আপাতত ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী পর্বের কথা মাথায় রেখে এই পরিকল্পনা করা হয়েছে। সদ্য আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও জ়িম্বাবোয়ে সিরিজ়েও তা দেখা গিয়েছে। আপাতত আর অতীতে ফিরতে চাইছেন না নির্বাচকেরা।ভারতের পেস আক্রমণের নেতা এখনও সেই বুমরাহ। কিন্তু তাঁকে সব সিরিজ়ে পাওয়া যাবে না। বিশ্রাম দিয়ে খেলাতে হবে। সেই পরিস্থিতিতে নেতার দায়িত্ব পালন করবেন মহম্মদ সিরাজ়। তাঁদের পর দ্বিতীয় সারিতে অর্শদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশদীপ, মুকেশ কুমার, হর্ষিত রানারা রয়েছেন। নতুনদের মধ্যে প্রিন্স যাদব, গুরনুর ব্রার, অশোক শর্মা, যশ ঠাকুর, মায়াঙ্ক যাদবেরা রয়েছেন। এ বারের আইপিএলে নজরকাড়া কার্তিক ত্যাগী, রাসিখ সালাম দার, আকিব নবিরাও রয়েছেন বোর্ডের নজরে।তবে শামি থাকলে হয়তো ভারতের পেস বোলিংয়ের এই রূপান্তর আরও ভাল ভাবে হত। বুমরাহ না থাকলে তিনি দায়িত্ব সামলাতে পারতেন। তাঁর যা অভিজ্ঞতা রয়েছে, তাতে তরুণদের মেন্টরের কাজও করতে পারতেন।