কিয়ানের হ্যাটট্রিক, কলকাতা লিগে বিধাননগরকে হারাল সবুজ-মেরুন
বৃহস্পতিবার কলকাতা লিগে বিধাননগর এমএস-কে ৩-০ গোলে হারাল মোহনবাগান। হ্যাটট্রিক করলেন কিয়ান নাসিরি।মোহনবাগান যে জয়ের জন্য কতটা মরিয়া, সেটা শুরু থেকেই তাদের খেলা দেখে বোঝা গিয়েছিল। প্রথম থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করে মোহনবাগান। প্রথম মিনিটেই গোল করার মতো সুযোগ করে ফেলেছিল তারা। যদিও অফসাইডের কারণে সেই আক্রমণ থেকে গোল হয়নি।এর পর আচমকাই কিছুটা তেড়েফুড়ে ওঠে বিধাননগর। বেশ কয়েক বার আক্রমণে উঠে এসে মোহনবাগানের রক্ষণকে চাপে ফেলার চেষ্টা করে। ম্যাচের ১০ মিনিটে বাঁ দিক থেকে রবিলাল মাণ্ডির ক্রস ঠিক জায়গায় পৌঁছলে গোল হতে পারত। তবে মোহনবাগান প্রথম গোল করে এর চার মিনিট পরেই। সুহেল ভাট রক্ষণচেরা পাস দিয়েছিলেন কিয়ানের উদ্দেশে। সেই বল ধরে অনায়াসে গোল করেন কিয়ান।এগোনোর পরেও মোহনবাগানের আক্রমণ কমেনি। ১৭ মিনিটে সন্দীপ মালিকের দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়। দু’মিনিট পর সুহেলের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। ২০ মিনিটের মাথায় একক দক্ষতায় বিধাননগরের কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন বিভানজ্যোতি লস্কর। কিন্তু ফিনিশিং করতে না পারায় সুযোগ নষ্ট হয়। এর পর কিয়ান এবং সুহেলও সহজ দু’টি সুযোগ নষ্ট করেন।৩১ মিনিটের মাথায় সায়ন বন্দ্যোপাধ্যায়ের বাড়ানো বলে কিয়ানের জোরালো শট বাঁচিয়ে দেন বিধাননগরের গোলকিপার। সাত মিনিট পর বিধাননগরের এক ফুটবলারের শট রুখে দেন মোহনবাগানের গোলকিপার। প্রথমার্ধ শেষের কিছুক্ষণ আগে সায়নের শট পোস্টে লাগে। অল্পের জন্য গোল করতে পারেননি তন্ময় ঘোষও। তবে প্রথমার্ধ শেষ হওয়ার একটু আগে বিভানের বাড়ানো বল থেকে গোল করেন কিয়ান।দ্বিতীয়ার্ধে বিধাননগরের খেলার এমন তেজ ছিল না যা চাপে ফেলতে পারত মোহনবাগানকে। ৬০ মিনিটে একটি শট ছাড়া বলার মতো কিছু ছিল না। উল্টে ৬৫ মিনিটে হ্যাটট্রিক করে দলের জয় নিশ্চিত করে দেন কিয়ান।